গতবারের বিদ্রোহী এবার দলীয় প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পাঁচ পৌরসভায় গতবার যাঁরা আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন, এবার তাঁদের দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। জেলার নওহাটা, কাটাখালী, তানোর, চারঘাট ও গোদাগাড়ী পৌরসভায় এ ঘটনা ঘটেছে। গত পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার নিয়ম না থাকলেও দলীয় প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছিল।
রাজশাহীর নওহাটা পৌরসভায় এ বছর মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল বারী খান। গত পৌর নির্বাচনে এই পৌরসভায় দলীয় সমর্থন পেয়ে বিজয়ী হয়েছিলেন আবদুল গফুর। তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী ছিলেন আবদুল বারী খান। আবদুল গফুর মৃত্যুবরণ করায় এ বছর দল মনোনয়ন দিয়েছে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারী খানকে। এবার আবদুল বারীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান ও আফজাল হোসেন। তবে মনোনয়নপত্রে ভুল থাকায় গতকাল রোববার এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় আবদুল বারী এখন একক প্রার্থী।
চারঘাট পৌরসভায় এ বছর দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র নার্গিস বেগম। গতবার নার্গিস দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজয়ী হওয়ায় এ বছর দল তাঁকে মনোনয়ন দেয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন গতবার দলের মনোনীত প্রার্থী ছিলেন। এবার তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া।
তানোর পৌরসভায় এ বছর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক। গত বছর তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ সরকারের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। এই পৌরসভায় মেয়র হিসেবে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ফিরোজ সরকার। গত নির্বাচনে ইমরুল ১ হাজারের কম ভোট পেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বছর ইমরুলের বিপরীতে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
গোদাগাড়ী পৌরসভায় এবার আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম। এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে গত বছর তিনি দলীয় প্রার্থী জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে তাঁর চেয়ে বেশি ভোট পেয়েছিলেন। এই পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছিলেন জামায়াত-সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম।
আওয়ামী লীগ কাটাখালী পৌরসভায় এবার মেয়র পদে মনোনয়ন দিয়েছেন আব্বাস আলীকে। গত বছর তিনি দলীয় প্রার্থী পবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রউফ নান্নুর বিপরীতে বিদ্রোহী প্রার্থী ছিলেন। এ বছর তাঁর বিপরীতে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সামা ও আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম।
আব্বাস আলী বলেন, ‘তৃণমূলের মতামত, মাঠের জরিপ সবকিছু মিলিয়ে গণতান্ত্রিকভাবে হওয়ায় এবার আমি মনোনয়ন পেয়েছি। আশা করছি মানুষ বিজয়ী করবে।’ দলের বিদ্রোহী প্রার্থীরা ১৩ ডিসেম্বরের পর আর থাকবে না বলে মনে করেন এই প্রার্থী।