গতবারের বিদ্রোহী এবার দলীয় প্রার্থী
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় মেয়র পদে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল পাঠান। তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে গতবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আবদুল্লাহ আল পাঠান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানগড়া এলাকার বাসিন্দা।
দলের বিভিন্ন স্তরের ১০ নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, রায়গঞ্জ পৌরসভার মেয়র পদে এবার আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তাঁরা আরও বলেন, গত নির্বাচনগুলোতে দলীয় প্রতীক না থাকায় নেতা-কর্মীরা বিভক্ত ছিলেন। কিন্তু এবারে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে লড়ছে। ফলে সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলে তাঁদের আশা।
গত নির্বাচনে আবদুল্লাহ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক আকছারুল আলম সরকারের বিরুদ্ধে নির্বাচন করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, ২০১১ সালে অনুষ্ঠিত রায়গঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে মোশারফ হোসেন চশমা প্রতীক নিয়ে জয়ী হন। তিনি ছিলেন জামায়াত-সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আকছারুল আলম ৫১৮ ভোট ও বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল ৯০৩ ভোট পান।
আবদুল্লাহ আল পাঠান বলেন, ‘আশা করি পৌরবাসী আমাকেই বিজয়ী করবেন।’
এবারের নির্বাচনে এ পৌরসভায় মেয়র পদে মোট চারজন লড়বেন।