এবারও একুশে বইমেলায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বছরও বইমেলাকে ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছিল পুলিশ। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় লেখক অভিজিৎ রায়কে। ১১ মাসেও অভিজিতের খুনিরা ধরা পড়েনি।
তবে এবার ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অতীতে যে সমস্যাগুলোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, সেভাবেই আমরা নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রত্যাশা করছি, আপনাদের সবার সহযোগিতা পেলে এবার কোনো দুর্ঘটনা ছাড়াই বইমেলা শেষ হবে।’
গতকাল রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে একুশে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির কমিশনার। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বলেন, এবার মেলায় তিনটি প্রবেশ ও চারটি বের হওয়ার পথ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় মোট সাতটি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। এরপর ডিএমপির ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার রেজোয়ান আহমেদ বলেন, মেলায় আসা লোকজনের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে (জিমনেসিয়াম)। গাড়ি নিয়ে আসা ব্যক্তিরা টিএসসি বা দোয়েল চত্বরে নেমে গাড়ি পাঠিয়ে দেবেন শরীরচর্চা কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তাটিতে এবারও যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। নির্ধারিত জায়গা ছাড়া রাস্তায় গাড়ি রাখা যাবে না। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত হকারদের বসতে দেওয়া হবে না। এবার ইভ টিজিং রোধেও থাকবে বিশেষ দল। মেলা চলাকালে সন্ধ্যার পর কাউকে সোহরাওয়ার্দী উদ্যানে থাকতে দেবে না পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে; যার মধ্যে প্রথমেই বলতে হবে বইমেলার প্রাঙ্গণজুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। এবার মেলায় প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে থাকবে। সবাইকেই এই তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। ভ্যানিটি ব্যাগ বা যেকোনো ব্যাগই তল্লাশি করা হবে। আগে মেলায় ঢোকা ও বের হওয়ার পথগুলো একই সঙ্গে হওয়ায় ভিড়ের মধ্যে পর্যবেক্ষণে অসুবিধা ছিল। এবার এটি আলাদা করা হয়েছে। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত টিএসসি, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে পুরো এলাকাই সিসি ক্যামেরার আওতায় থাকবে। দুটি নিয়ন্ত্রণকক্ষের অধীনে দুই শতাধিক ক্যামেরা থাকবে। দুজন কর্মকর্তা নিয়ন্ত্রণকক্ষ দুটির দায়িত্বে থাকবেন। মনিটরে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। সাদাপোশাকের গোয়েন্দা নজরদারি থাকবে।
কমিশনার বলেন, কোনো প্রকাশক, লেখক, বিশিষ্ট ব্যক্তি বা যেকোনো নাগরিক নিরাপত্তার অভাব বোধ করলে পুলিশের নিয়ন্ত্রণকক্ষে গিয়ে জানাতে পারবেন। তা হলে বইমেলার পুরো চত্বরে তাঁদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
গত বছর কড়া নিরাপত্তার মধ্যেও লেখক অভিজিতের খুন হওয়া এবং ১১ মাসেও আসামিরা গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির কমিশনার বলেন, ‘আপনারা যদি পরিসংখ্যানটা দেখেন, অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে অপরাধের মাত্রা অনেক কম। ২০১৫ সালে হাতে গোনা তিন-চারটি ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্তে আমাদের কিন্তু অগ্রগতি রয়েছে।’
যাঁরা হুমকির মুখে আছেন—এ রকম কোনো লেখক, প্রকাশক ও ব্লগারের তালিকা করা হয়েছে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, ‘তাঁদের তালিকা রয়েছে। পুলিশ বিভিন্নভাবে তাঁদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে লেখক, প্রকাশক ও ব্লগারদের বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের বলার মতো অগ্রগতি রয়েছে।’