শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘চলতি বছরের মধ্যে সব শিশুকে বিদ্যালয়ে আনা নিশ্চিত করা হবে। গতানুগতিক কাজ নয়, চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্য অর্জনের জন্য মন্ত্রী হয়েছি।’ গতকাল শুক্রবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ও মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজ ও বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শুধু সরকারের একক প্রচেষ্টায় দেশ থেকে ক্ষুধা-দারিদ্র্য দূর হবে না। এ জন্য প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা। আমরা আমাদের নতুন প্রজন্মকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে। এতেই দেশ মুক্ত হবে ক্ষুধা-দারিদ্র্যের অভিশাপ থেকে।’মন্ত্রী গত দুই দিনে বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধনকালে অনেক সভায় অংশ নেন। এসব অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্ত্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে, অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।