গতানুগতিক শিক্ষায় জাতীয় অগ্রগতি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থায় জাতীয় অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে জাতীয় অগ্রগতি আনতে হলে বিজ্ঞানের সব শাখায় দক্ষতা অর্জন, যুগোপযোগী শিক্ষা, বিশ্বমানের গবেষণা, আধুনিক প্রযুক্তি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সেমিনার ও জাতীয় সম্মেলনে এ কথা বলেন। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ যৌথভাবে এই সেমিনার ও সম্মেলনের আয়োজন করে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে পাঠদান পদ্ধতি ও সিলেবাস প্রণয়ন আধুনিকায়ন করতে হবে। বিজ্ঞান শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে হবে। প্রাণীবিদ্যা শিক্ষাকে দেশের প্রয়োজনে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও জীববৈচিত্র্য রক্ষায় গবেষকদের নিরলসভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে স্কুল পর্যায়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষকের সংকট রয়েছে। এ সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যেই দূরশিক্ষণ শিক্ষা কার্যক্রম এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করেছে।
প্রাণীবিদ্যা সমিতির সভাপতি মঞ্জুর এ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. মোকসেদ আলী হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে প্রাণীবিদ্যা শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তিনজন শিক্ষক ও গবেষককে প্রাণীবিজ্ঞান সমিতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রাণীবিদ্যা অলিম্পিয়াডে বিজয়ী চারজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।