গ্যাস-সংযোগের গতি বাড়াতে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ঠিকাদারদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। বৈঠকে গ্যাস-সংযোগ বিলম্বিত হওয়ার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। নগরের কোর্ট এলাকায় সাংসদের বাসায় আয়োজিত বৈঠকে ১৫ জন ঠিকাদার যোগ দেন।
বৈঠকে অন্যতম সমস্যা হিসেবে বলা হয়, যে ঠিকাদার গ্যাস-সংযোগের (রাইজার উত্তোলন) কাজটি করছেন, চুক্তি অনুযায়ী তাঁর দুটি মেশিন দিয়ে তা করার কথা। কিন্তু তিনি করছেন একটি মেশিন দিয়ে। এই একটি মেশিনও প্রায় নষ্ট থাকায় মাঝেমধ্যে রাইজার উত্তোলন বন্ধ থাকে। সময়মতো কাজ করতে পারলে তিন মাসে প্রায় দুই হাজার রাইজার উত্তোলন সম্ভব হতো। কিন্তু হয়েছে মাত্র ৮০০ সংযোগ। ঠিকমতো কাজ করতে না পারলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, জরিমানা ছাড়াই কাজের মেয়াদ বাড়িয়ে দেয়।
বৈঠকে অন্য ঠিকাদারেরা বলেন, রাইজার উত্তোলনে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়মকানুন মানেন না। এ জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এখন গ্যাসের প্রধান পাইপ থেকে ৫০ মিটারের মধ্যে থাকলেই শুধু কোনো গ্রাহককে সংযোগ দেওয়া হচ্ছে। তাঁরা প্রস্তাব করেন, ৫০ মিটারের পরিবর্তে এই দূরত্ব ১৫০ মিটার করতে হবে।
জানতে চাইলে সাংসদ ফজলে হোসেন বলেন, গ্যাস-সংযোগে যাতে গতি আসে, আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে নয় হাজার গ্রাহককে গ্যাস-সংযোগের আওতায় আনা যায়, সে জন্য যা যা করা দরকার, তিনি পিজিসিএলকে সেই ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেন, বর্তমান যে ঠিকাদার কাজ করছেন, সেটা বন্ধ করে দিলে আরও অচলাবস্থা সৃষ্টি হবে। সে জন্য বর্তমান ঠিকাদার কাজ করবেন। পাশাপাশি নতুন ঠিকাদার নিয়োগ দিতে হবে।
বিভাগীয় শহর রাজশাহীতে গ্যাস-সংযোগের জন্য কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি। ২০১১-১২ অর্থবছরের গ্যাস-সংযোগের কাজে বাঘাবাড়ী-শাহজাদপুর এলাকায় (সিরাজগঞ্জ) ৬০০ রাইজার উত্তোলনের জন্য প্রাক্কলিত মূল্যের চেয়ে ২৯ শতাংশ কম মূল্যে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসের নামে কার্যাদেশ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে সিরাজগঞ্জের অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা কামরুল ইসলাম কাজ করছেন।