গতিনিরোধক তৈরির সম্মতি আদায় করল খুদে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয় একদল খুদে শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় তারা চিরতরে হারিয়েছে এক সহপাঠীকে। বিদ্যালয়ে যাতায়াতের নিরাপত্তা চায় তারা। তাদের দাবি, সড়কে একটি গতিনিরোধক তৈরি করা হোক। অবশেষে তাদের দাবি মেনে নিলেন ইউএনও। ফরিদগঞ্জে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।বিদ্যালয় সূত্র জানায়, ফরিদগঞ্জ-রূপসা সড়কের পাশে অবস্থিত বিএইচ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অপি গত বুধবার দুপুরে বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় ট্রাক্টর চাপায় নিহত হয়। এ খবর শুনে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে একসঙ্গে ক্লাস থেকে বেরিয়ে ইউএনওর কাছে গিয়ে বিদ্যালয়ের সামনে গতিনিরোধক স্থাপনের দাবি জানায়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন, অধ্যক্ষ মুকবুল আহাম্মেদ ও পৌর ছাত্রলীগের নেতা কামরুল ইসলাম।বিদ্যালয়ের অধ্যক্ষ মুকবুল আহাম্মেদ বলেন, শিশুদের চলাচলের নিরাপত্তার স্বার্থে গতিনিরোধক নির্মাণের জন্য পৌর মেয়র ও উপজেলা প্রশাসনের কাছে কয়েকবার দাবি জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। শিশু শিক্ষার্থীদের মানববন্ধনও বিফলে গেছে। অবশেষে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে এবার সাড়া দিয়েছে প্রশাসন।ইউএনও সাইফুল ইসলাম মজুমদার বলেন, উপজেলা প্রকৌশলীর তদারকির ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আগামী রোববার গতিনিরোধক নির্মাণের কাজ শুরু হবে।