গতিনিয়ন্ত্রক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারা চৌরাস্তার মোড়ে গতিনিয়ন্ত্রক নির্মাণের দাবিতে গতকাল শনিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতিনিয়ন্ত্রক নির্মাণের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতিয়ার রহমান আগামী সোমবারের মধ্যে গতিনিয়ন্ত্রক নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।স্থানীয় আবদুস সোবহান বেপারি বলেন, ‘বাগমারা চৌরাস্তা ব্যস্ত এলাকা। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমি চাই এই ব্যস্ত মোড়ের চারপাশে চারটি গতিনিয়ন্ত্রক নির্মাণ ও একজন ট্রাফিক পুলিশ দেওয়া হোক।’ একই ধরনের কথা বলেন স্থানীয় আবদুল আজিজ, আবু তালেবসহ কয়েকজন।মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, আগামী সোমবারের মধ্যে গতিনিয়ন্ত্রক নির্মাণের ব্যাপারে সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার দুপুরে বাসচাপায় মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আবদুল মান্নান মিয়া (৭১) নিহত এবং চারজন গুরুতর আহত হন।