প্রভাবশালী মহলের দখল, খনন না হওয়া ও ভারতে ব্যারাজ দেওয়ার কারণে একসময়কার খরস্রোতা খোয়াই নদের গতিপথ সরু হয়ে যাচ্ছে। অথচ জেলার কৃষি ও বাণিজ্য এই নদীর ওপর নির্ভরশীল। গতকাল শনিবার হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে খোয়াই নদ ও পুরাতন খোয়াই দূষণমুক্তবিষয়ক আলোচনা ও মাল্টিমিডিয়া প্রজেকশন অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।
বক্তারা আরও বলেন, খোয়াই, সুতাং, কুশিয়ারা, রত্না, শুঁটকি, সোনাই, করাঙ্গী, ঝিংড়ি, ভেড়ামোহনা, বরাক ও বিজনা নামের নদীগুলোর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এতে নদীর তলদেশ উঁচু-নিচু হয়ে পড়ছে। পাশাপাশি গতিপথ সরু হয়ে যাচ্ছে।
মাল্টিমিডিয়া প্রজেকশনে দেখানো হয়, ভারতের ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া এলাকায় খোয়াই নদে চাকমাঘাট ব্যারাজ দেওয়ার কারণে নদী পানিশূন্য হয়ে পড়ছে। যে কারণে শুষ্ক মৌসুমে এ এলাকার সেচব্যবস্থা ভেঙে পড়েছে।
খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখা অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শফিউল আলম চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল প্রমুখ। মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন এস এম আল আমিন।