গতির প্রতিযোগিতায় উড়ালসড়কে উল্টে গেল বাস, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতির প্রতিযোগিতায় নেমে রাজধানীর মগবাজার উড়ালসড়কের ওপর গাজীপুর পরিবহন লিমিটেডের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজন যাত্রাবাড়ীর দনিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রাসেল (২৪)। অন্যজন সরকারি সিকিউরিটি প্রিন্টিং প্রেসের কর্মী জহিরুল ইসলাম (৪০)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রমনা থানার পুলিশ বলেছে, বেলা একটার দিকে রমনা থানার কাছেই উড়ালসড়ক থেকে নামার সময় বাসটি উল্টে যায়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি সরিয়ে রমনা থানার সামনে এনে রাখা হয়।
মহাখালী থেকে ওই বাসে উঠেছিলেন মতিউল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তুলনামূলক ফাঁকা রাস্তায় চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। সাতরাস্তায় যাত্রী ওঠা-নামার পরে উড়ালসড়কে ওঠার সময় আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন চালক। হয়তো ওই বাসের ধাক্কায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বাঁ দিকে কাত হয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর উড়ালসড়কে গিয়ে দেখা যায়, উল্টে যাওয়া বাসের ভাঙা কাচ, ইঞ্জিন অয়েল, জ্বালানি তেল রাস্তায় ছড়িয়ে পড়েছে। ইঞ্জিন অয়েল গড়িয়ে রাস্তার অনেকখানি জায়গা পিচ্ছিল হয়ে গেছে। পরবর্তী সময়ে দুর্ঘটনার আশঙ্কায় বাসটি সরিয়ে নেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ও ফোম দিয়ে রাস্তা পরিষ্কার করেন।
ওই দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা উড়ালসড়ক বন্ধ থাকায় মগবাজার-সাতরাস্তা সড়কে যানবাহনের বাড়তি চাপে যানজট তৈরি হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পূজার জন্য বন্ধ থাকায় যানজট অসহনীয় পর্যায়ে যায়নি বলে জানিয়েছে পুলিশ।