গতিরোধক নির্মাণ করিয়ে ছাড়লেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতিরোধক নির্মাণের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
গতিরোধক নির্মাণের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের মুখে অবশেষে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে তিনটি গতিরোধক নির্মাণ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গতিরোধক নির্মাণের দাবিতে ওই মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে অটোরিকশার ধাক্কায় শিউলি রানী নামের এক শিক্ষার্থী মাথায় আঘাত পান। তিনি মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্য শিক্ষার্থীরা তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ওই সড়ক দিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের দাবির মুখে কিছু সময়ের মধ্যেই গতিরোধক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
শিক্ষার্থীদের দাবির মুখে কিছু সময়ের মধ্যেই গতিরোধক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু শিক্ষার্থীরা ওই মুহূর্তেই পার্কের মোড়ে তিনটি সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে অনড় ছিলেন। না হলে অবরোধ প্রত্যাহার করা হবে না, বলেও জানান তাঁরা। বেলা দেড়টার দিকে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। একই সঙ্গে গতিরোধক নির্মাণে ট্রাকে করে পাথর নিয়ে ঘটনাস্থলে ফেলেন। শুরু হয় পার্কের মোড়ে তিনটি সড়কে (রংপুর-কুড়িগ্রাম সড়কে দুটি, রংপুর শহরে ঢোকার চারলেন সড়কে একটি) গতিরোধক নির্মাণের কাজ। এরপর শিক্ষার্থীরা উল্লাস করে অবরোধ প্রত্যাহার করে নেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এখানে এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান বলেন, ‘ঘটনার পর কয়েকজন শিক্ষক মিলে ঘটনাস্থলে ছুটে যাই। শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’