গতিরোধক নির্মাণের আশ্বাসে নাটোর-পাবনা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

আগামী তিন দিনের মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস পেয়ে বেলা একটার দিকে নাটোর-পাবনা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা। সকাল নয়টা থেকে এ অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সকালে যাত্রীবাহী একটি বাস নাঈম হোসেন নামের এক স্কুলছাত্রকে চাপা দিলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এই অবরোধ করে। সে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে নয়টার দিকে সড়ক পার হওয়ার সময় নাঈমকে চাপা দেয় ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস। এতে তার পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন গড়মাটি বাজারের সামনে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাঁরা তাত্ক্ষণিকভাবে সেখানে গতিরোধক নির্মাণের দাবি করেন। তিনি কিছু দিন পর নির্মাণের প্রতিশ্রুতি দিলে জনতা তাঁর গাড়ি ভাঙতে উদ্যত হয়। পুলিশের হস্তক্ষেপে গাড়িটি রক্ষা পায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান বেলা সোয়া একটায় জানান, স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সেখানে গতিরোধক নির্মাণ করা হবে এবং ওই তিন দিন সেখানে পুলিশ মোতায়েন থাকবেম—এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।