গতিরোধক নির্মাণের দাবিতে ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জে গতিরোধক নির্মাণের দাবিতে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। ঈশ্বরগঞ্জ কলেজের সামনে ও শিমুলতলীতে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত রাস্তার ওপর শুয়ে, গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।অবরোধের কারণে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধকালে বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে।এলাকাবাসীর অনেকে জানান, শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ কলেজ গেটের সামনে বাইকের চাপায় কসিম উদ্দিন (৫০) নামের একজন চায়ের দোকানদার নিহত হন। এ ছাড়া গত তিন মাসে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ গেট ও শিমুলতলী মোড়ে গতিরোধক নির্মাণের দবিতে ওই সড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।