গতিরোধক নির্মাণের দাবিতে মাগুরায় সড়ক অবরোধ
মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা কেন্দ্রীয় কারাগারের অদূরে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন সড়কের ওই জায়গায় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। মাগুরা সদর থানার উপপরিদর্শক দাউদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে একজন চিকিৎসক সড়ক দুর্ঘটনার শিকার হন। তাঁকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যানের ধাক্কা লাগলে ওই দুর্ঘটনা ঘটে। পরে ওই চিকিৎসককে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই চিকিৎসক মাগুরা জেলা ছাত্রলীগের এক সহসভাপতির ভাই। এ ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। মাগুরা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ বলেন, জাতীয় মহাসড়কে গতিরোধক নির্মাণের কোনো সুযোগ নেই। তার পরও দেখা যায়, স্থানীয় লোকজন নিজেরাই গতিরোধক নির্মাণ করে নেন। এটা বড় সমস্যা।