গতিরোধক নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণের দাবিতে গতকাল রোববার দুপুরে এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমষপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী এই অবরোধে অংশ নেয়।
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুপুর তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
সমষপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম সরকার জানান, মহাসড়কের ওই স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটে। এ অবস্থায় গতিরোধক নির্মাণের দাবিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ওই অবরোধ তুলে নেয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।