গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
গতিরোধক নির্মাণের দাবিতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারে নোয়াখালী-কুমিল্লা সড়ক গতকাল সোমবার তিন ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এ সময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ব্যাপক দুর্ভোগে পড়ে যাত্রীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১২ মে সন্ধ্যায় ইসলামগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও তাঁর ছেলে আহত হয়। এ ঘটনায় স্থানীয় জনতা সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। তাদের দাবি ছিল দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের। তখন স্থানীয় প্রশাসন গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।স্থানীয় লোকজন জানায়, ইসলামগঞ্জ বাজারে নোয়াখালী-কুমিল্লা সড়কে উঁচু করে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে কয়েক শ গ্রামবাসী সড়কে অবস্থান নেয় এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহারে রাজি করান। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, চেয়ারম্যান ও ইউএনও সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে ইসলামগঞ্জ বাজারে দুটি গতিরোধক তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।