গতিরোধকই যখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের অনেক রাস্তায় গতিরোধকে সাদা রং নেই। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল বিকেল পাঁচটায় নগরের হাসপাতাল রোড থেকে তোলা l প্রথম আলো
বরিশাল নগরের অনেক রাস্তায় গতিরোধকে সাদা রং নেই। এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। ছবিটি গতকাল বিকেল পাঁচটায় নগরের হাসপাতাল রোড থেকে তোলা l প্রথম আলো

বরিশাল শহরের অনেক গতিরোধক মরণফাঁদে পরিণত হয়েছে। এগুলোতে রং না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এভাবে গত মার্চ ও এপ্রিলে দুজনের প্রাণ গেছে।
গতিরোধকে (স্পিড ব্রেকার) রং না লাগানোর বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, এ জন্য কোনো বরাদ্দ নেই। তারপরও কয়েকটিতে রং দেওয়া হয়েছিল। কিন্তু সেই রং উঠে গেছে। পরে আর রং দেওয়া হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, শহরের বটতলা থেকে হাতেম আলী কলেজ পর্যন্ত ছয়টি গতিরোধক আছে। এ ছাড়া হাসপাতাল রোডে ছয়টি, বান্দ রোডে ছয়টি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চারটি, সিঅ্যান্ডবি রোডের আমতলা মোড় থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত সাতটি, আমানতগঞ্জ থেকে পলাশপুর পর্যন্ত ছয়টি, নবগ্রাম রোডে ছয়টি, ব্রজমোহন কলেজের সামনে দুটি, কলেজ রোডে দুটি, ফজলুল হক অ্যাভিনিউতে দুটি ও স্ব-রোডে একটি গতিরোধক রয়েছে। এগুলোর বেশির ভাগই রংবিহীন। কালিবাড়ি সড়কের বাসিন্দা মুরাদ আহম্মেদ বলেন, জীবন বাঁচাতে গতিরোধক করা হয়। এখন সেই গতিরোধকই মরণফাঁদে পরিণত হয়েছে। সিটি করপোরেশন গতিরোধক নির্মাণ করেই দায়িত্ব শেষ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চে সিঅ্যান্ডবি রোডে দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হন। পরে সেখানে একটি গতিরোধক করা হয়। একই স্থানে এপ্রিলে মারা যান আরও একজন। গতিরোধকে রং না থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়া হাসপাতাল রোডেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
সিঅ্যান্ডবি রোডের দুর্ঘটনা প্রসঙ্গে ঝাউতলার বাসিন্দা কাজী বশিরউদ্দিন বলেন, গত ৬ এপ্রিল রাতে তাঁর ছোট ভাই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সিঅ্যান্ডবি রোডে নতুন তৈরি গতিরোধকটি দেখতে না পাওয়ায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই মারা যান ছোট ভাইয়ের স্ত্রী মেরিনা আক্তার। মাত্র চার দিন আগে তাঁদের বিয়ে হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের একটি সূত্র জানায়, শহরের মধ্যে গতিরোধক নির্মাণে নিরুৎসাহিত করা হয়। কিন্তু স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু স্থানে গতিরোধক করে দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটিতে রং দেওয়া হয়েছিল। কিন্তু সেই রং উঠে গেছে। পরে আর রং লাগানো হয়নি। জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের চেয়ে স্থানীয় উদ্যোগে গতিরোধক নির্মাণ হয়েছে বেশি। তাই গতিরোধকের সঠিক পরিসংখ্যান নেই। তা ছাড়া গতিরোধকে রং করার জন্য কোনো বরাদ্দ নেই। একটি প্রকল্প করে রং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।