গতিরোধকগুলোই বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ঝিনাইদহ অংশের গতিরোধকগুলো গাড়িচালকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সতর্কীকরণ রং না থাকায় দ্রুতগতির গাড়িগুলো গতিরোধকের ওপর উঠে দুর্ঘটনায় পড়ছে।দুর্ঘটনা ঠেকাতে স্থানীয় ব্যক্তিরা চুন দিয়ে, কোথাও বা লাল নিশানা উড়িয়ে গাড়িচালকদের সতর্ক করার ব্যবস্থা করেছেন। তার পরও দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যশোর অভিমুখে ঢাকা-খুলনা মহাসড়কের বারোবাজার পর্যন্ত ২৫ কিলোমিটারে এমন ১৫টি গতিরোধক রয়েছে।সওজ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দু-তিন মাস আগে সড়ক সংস্কারের সময় সওজ গতিরোধকগুলো উঁচু করে দেয়। এতে ছোট ছোট গাড়িগুলো সহজে পার হতে পারছে না। বড় গাড়িও পার হতে গিয়ে প্রায়ই প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে বিকল হয়ে পড়ছে।ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান জানান, অল্প দিন হয়েছে এ রাস্তায় কাজ হয়েছে। যে কারণে এখনো সতর্কীকরণ চিহ্ন দেওয়া হয়নি। কাজের তিন-চার মাস না পেরোলে রং দিলে বিটুমিন সেই রং খেয়ে ফেলে। যে কারণে তাঁরা অপেক্ষা করছেন। ওই সময় পার হলে রং দেওয়া হবে বলে জানান তিনি।একাধিক চালক অভিযোগ করেন, রাস্তায় গতিরোধকের ওপর রঙ দিয়ে সতর্কীকরণ চিহ্ন দেওয়ার কথা। কিন্তু গতিরোধকগুলোর দুই পাশে সতর্কীকরণ কোনো চিহ্ন নেই। এতে প্রায়ই তাঁরা দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। চালকেরা জানান, বড় বড় গাড়িগুলো কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও ছোট গাড়িগুলো বেশি দুর্ঘটনায় পড়ছে। গতিরোধকগুলো বেশি উঁচু হওয়ায় গাড়ি ঠিকমতো তা পার হতে পারছে না। বেশির ভাগ গাড়ি গতিরোধকের ওপর সোজা হয়ে না উঠে আড়াআড়িভাবে উঠতে বাধ্য হচ্ছে।ট্রাকচালকেরা জানান, সবচেয়ে খারাপ অবস্থা বিষয়খালী বাজারের দুটি ও বারোবাজারের দুটি গতিরোধকের। এ চারটি গতিরোধক প্রায় এক ফুট উঁচু করে দেওয়া হয়েছে। ১০ চাকার গাড়িগুলো গতিরোধকের ওপর উঠলেই সিপ্রং ভেঙে যাচ্ছে।গত সপ্তাহে বিষয়খালী বাজারে গতিরোধকের ওপর উঠে রাস্তায় ছিটকে পড়ে একটি ট্রাক। চালক নজরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন। শক্ত হাতে স্টিয়ারিং ধরে থাকায় গাড়িটি খাদে পড়া থেকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু গাড়ির সিপ্রং ভেঙে বিকল হয়ে গেছে।একইভাবে নওগাঁ থেকে আসা একটি ট্রাকের চালক বাবর আলী জানান, বিষয়খালী নামক স্থানে গতিরোধকের ওপর উঠে দু-দুবার তাঁর গাড়িটি বিকল হয়েছে।সম্প্রতি মহাসড়ক ঘুরে দেখা গেছে, অধিকাংশ গতিরোধকে সতর্কীকরণ ব্যবস্থা নেই। স্থানীয় লোকজন নিজেরাই চিহ্ন দিয়ে রেখেছেন। বিষয়খালীতে লাঠি গেড়ে রাখা হয়েছে। বারোবাজারে লাল কাপড় উড়িয়ে দেওয়া হয়েছে। বাজারের শেষপ্রান্তে একটি গতিরোধকে স্থানীয় ব্যক্তিরা চুন দিয়ে দাগ কেটে দিয়েছেন। তেঁতুলতলা বাজারে কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। বারোবাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, প্রায়ই দুর্ঘটনা ঘটায় তাঁরা এ পদক্ষেপ নিয়েছেন।