গতিরোধকে নেই রঙের চিহ্ন, দুর্ঘটনার ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অন্তত ৩৯টি গতিরোধক রয়েছে। কিন্তু এর কোনোটিই সাদা কিংবা অন্য কোনো রং দিয়ে চিহ্নিত করা হয়নি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকা ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ২৩ কিলোমিটার সড়ক চলে গেছে বরিশাল নগরের মধ্য দিয়ে। এতে ২০টি গতিরোধক রয়েছে। এ ছাড়া বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বরিশাল থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বে ১৯টি গতিরোধক রয়েছে। এসব গতিরোধকে কোথাও রং দিয়ে চিহ্নিত করা নেই।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় গতিরোধক পারাপারের সময় একটি মাহেন্দ্র থেকে ছিটকে পড়েন বিএম কলেজের ছাত্রী লিজা আক্তার। এ সময় পেছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। তা ছাড়া বরিশাল-খুলনা মহাসড়কে নগরের কালীজিরা সেতু এলাকায় গতিরোধক পারাপারের সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন নগরীর বগুড়া রোড এলাকার আবির হোসেন নামের একজন মোটরসাইকেলচালক। এ ছাড়া কালীজিরা সেতু এলাকার গতিরোধক পারাপারের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।

বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে কথা হয় বাসচালক আল-আমিনের সঙ্গে। তিনি বলেন, মহাসড়কে এমনিতেই গাড়ির গতি থাকে বেশি। এ জন্য ইচ্ছে করলেই খুব দ্রুত গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যায় না। বরিশাল-ঢাকা মহাসড়কে যেসব গতিরোধক আছে, সেগুলোর অধিকাংশের সাদা রং দিয়ে চিহ্নিত করা নেই। তাই খুব কাছ থেকেও এসব গতিরোধক দেখা যায় না।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, এসব মহাসড়কের দুই পাশ বর্ধিতকরণ ও সংস্কারকাজ চলছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর এসব গতিরোধক সাদা রং দিয়ে চিহ্নিত করা হবে।