গতিরোধকের উচ্ছেদ আটকে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের আন্দোলনের মুখে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুটি গতিরোধক নির্মাণ করেছিল সড়ক ও জনপথ। আজ মঙ্গলবার দুপুরে গতিরোধক দুটি অপসারণ করতে এসেছিল স্থানীয় প্রশাসন। পরে জনগণের আন্দোলনের মুখে অপসারণ না করেই ফিরে যেতে হয়েছে স্থানীয় প্রশাসনকে।

তবে সড়ক ও জনপথের ভাষ্য, অনুমোদন নেই বলে গতিরোধক দুটির মহাসড়কে থাকার কোনো সুযোগ নেই।
গতিরোধক দুটির একটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে, অন্যটি পৌর জামতলা এলাকায় অবস্থিত। এ মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় দুটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, বাজার, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। গতিরোধক না থাকায় এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটত। মাস পাঁচেক আগে স্থানীয় জনগণের আন্দোলনের মুখে সড়ক ও জনপদ বিভাগ গতিরোধক দুটি নির্মাণ করে দেয়।
গতিরোধক দুটির অনুমোদন নেই, এ কারণ দেখিয়ে আজ দুপরে রাজবাড়ীর নির্বাহী হাকিম দ্বিজেন্দ্র কুমার নাথের নেতৃত্বে এটি অপসারণ করতে আসে একটি দল। তবে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে ফিরে যেতে হয় তাঁদের।
এ প্রসঙ্গে দ্বিজেন্দ্র কুমার নাথ বলেন, গতিরোধক দুটির অনুমোদন নেই। তাই আজ এগুলো উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু স্থানীয় জনগণ এগুলোর অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলেছেন। তাই আপাতত উচ্ছেদ করা হলো না।

গতিরোধকের দাবি আদায়ের জন্য আন্দোলনকারী নেতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল বলেন, এখানে গতিরোধক নির্মাণের আগে প্রায়ই দুর্ঘটনার ঘটত। গতিরোধক নির্মাণের পর তেমন কোনো দুর্ঘটনা হয়নি। তাই এগুলো রক্ষায় জনগণকে নিয়ে প্রয়োজনীয় সবকিছুই করা হবে।

তবে এ প্রসঙ্গে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মীর্জা কবির হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কের যেকোনো ধরনের গতিরোধকই অবৈধ। ওই দুটি গতিরোধক একটি দুর্ঘটনার পর আন্দোলনের মুখে নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মহাসড়কে কোনো গতিরোধক থাকবে না। তবে স্থানীয় জনগণ জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিলে অপসারণ করা হবে না। না হলে এ সপ্তাহ পর গতিরোধক দুটি তুলে নেওয়া হবে।