গতিরোধকের কারণে সেতু মরণফাঁদ
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশের গতিরোধকের কারণে প্রতিদিনই এতে ওঠার সময় বিভিন্ন যানবাহন দুর্ঘটনাকবলিত হচ্ছে। এতে গত ১৬ দিনে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়। দুই মাস আগে সেতুর মাঝ বরাবর কিছু অংশ ভেঙে যায়। এরপর সড়ক ও জনপথ বিভাগ স্টিলের পাত দিয়ে ভাঙা অংশটি সংস্কার করে এবং সেতুর উভয় দিকে দুটি গতিরোধক নির্মাণ করে। গতিরোধক দুটি উঁচু ও গতিরোধক বরাবর সড়কে কোনো সংকেত এবং সড়কের পাশে কোনো সাইনবোর্ড নেই। এ কারণে চালকেরা গতিরোধকের বিষয়টি দূর থেকে বুঝতে পারে না। এতে সেতু এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন বাসচালক জানান, এই সেতুটির উভয় পাশের গতিরোধকের বিষয়ে সতর্কীকরণ সাইনবোর্ড নেই। এ কারণে ১৬ দিনে এখানে ২০টি দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে গতিরোধকে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই সঙ্গে গতিরোধকের কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ট্রাক চালক আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী শেখর দেবনাথের বাবা নীলরতন দেবনাথ বলেন, ‘গতিরোধকে মার্কিং করা থাকলে আমার ছেলেটা মারা যেত না।’ গত সোমবার রাতে সেতুর রেলিং ভেঙে নিচে পড়া আহত ট্রাকচালক বাদল সিকদার (৪৫) বলেন, ‘এই সড়ক দিয়ে আমি প্রায়ই যাতায়াত করি। গতিরোধক চিহ্নিত করার জন্য কোনো সাইনবোর্ড বা সংকেত না থাকায় ট্রাকটি এর সঙ্গে ধাক্কা খায়।’মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসিনুল হক জানান, এই দুটি গতিরোধকের বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সওজের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম জানান, প্রথমে গতিরোধক দুটি চিহ্নিত করার জন্য সড়কে সংকেত চিহ্ন দেওয়া হয়েছিল। তবে স্থানীয়ভাবে করার কারণে সেই সংকেত উঠে যায়। আগামী দুই-তিন দিনের মধ্যে আবারও সড়কে সংকেত চিহ্ন দেওয়া হবে এবং সড়কের পাশে সাইনবোর্ড স্থাপন করা হবে।