নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে।
গতকাল দুপুরের এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যুৎকেন্দ্রের কর্মচারীসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, উচ্চবিদ্যালয়টিতে ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে সাত শতাধিক শিক্ষার্থী বিদ্যুৎকেন্দ্রের বাইরে বসবাস করে। তারা আশপাশের এলাকা থেকে রাস্তা পার হয়ে বিদ্যালয়ে আসে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাঁরা আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের সামনের এ সড়কে এর আগে একাধিক গতিরোধক ছিল। সম্প্রতি সড়ক সংস্কারের সময় গতিরোধকগুলো তুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পাশেই আদমজী ইপিজেড। এ কারণে যানবাহনের সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়েছে। বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। এ কারণে বিদ্যুৎকেন্দ্রের সামনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎকেন্দ্রের সামনের রাস্তায় শিগগির গতিরোধক নির্মাণ করতে হবে।