গতিহারা আশুগঞ্জের ৪০০ চালকল
হরতালসহ নানা প্রতিকূলতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রায় ৪০০ চালকলে কাজের গতি কমে গেছে। চলতি বছরের শুরু থেকে প্রায় সব কটি চালকল অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে সময় পার করছে। একের পর এক হারতালের ফাঁদে পড়ে চালকলগুলোর সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে এলাকায় চালকলের সঙ্গে যুক্ত প্রায় ২০ হাজার শ্রমিক পরিবারে।চালকল মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওরের উত্পাদিত ৭০ শতাংশ ধান বিক্রি করা হয় আশুগঞ্জ মোকামে। ধানের বড় বাজার তৈরি হওয়ায় আশুগঞ্জে এই চালকল শিল্পের প্রসার ঘটে। বর্তমানে এখানে সব মিলিয়ে ছোট-বড় প্রায় ৪০০ চালকল গড়ে উঠেছে। এখানকার উত্পাদিত চাল ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।এবার বছরের শুরুতে চালকলগুলো নানামুখী সংকটে পড়ে। শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহের কারণে বেশ কিছুদিন উত্পাদন বন্ধ রাখতে হয়। জানুয়ারিতে ধানের অভাবে অর্ধেক কল বন্ধ হয়ে যায়। বাকি অর্ধেক কলে উত্পাদনের পরিমাণ খুব সামান্য। এই অবস্থা চলে প্রায় এক মাস ধরে। এ সময় থেকেই চালকলগুলো লোকসানে পড়তে শুরু করে। এই সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এবার পড়তে হয় হরতালের কবলে। একের পর এক হরতালে ধানের আমদানি ও চালের সরবরাহ বন্ধ থাকায় উত্পাদনও বন্ধ হয়ে যায়। হরতালের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে মালিকপক্ষকে।এ ব্যাপারে আশুগঞ্জ চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একের পর এক সমস্যায় চালকলের বারোটা বেজে গেছে। এমন ধারাবাহিক সংকট অতীতে আর আসেনি। হরতালে প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে চালকলগুলো কীভাবে উঠে দাঁড়াবে ভেবে পাচ্ছি না।’এদিকে উত্পাদন কমে যাওয়ায় অভাবে পড়েছেন শ্রমিকেরা। অনেকে ধারদেনা করে বেঁচে আছেন। নারী শ্রমিকদের অনেকে পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। কেউ কেউ অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছেন।চালকলের মালিক শাহজাহান সিরাজী বলেন, কিছু সমস্যা কাটিয়ে ওঠা যায়। কিন্তু হরতালের সমস্যা কাটিয়ে ওঠা যায় না। কারণ হরতালে লেনদেন বন্ধ থাকে। লেনদেন না থাকলে মালিক থেকে শুরু করে শ্রমিক শ্রেণী পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়।গতকাল আশুগঞ্জের বিভিন্ন চাতালে গিয়ে দেখা যায়, হরতালের কারণে অধিকাংশ চাতালে স্বাভাবিক কাজ বন্ধ রয়েছে। কিছু চাতালে চলছে ধান শুকানোর কাজ। তবে উত্পাদন হচ্ছে না। কাজ না থাকায় শ্রমিকেরা অলস দিন পার করছেন। আশুগঞ্জ অটোরাইস মিলের শ্রমিক মেহেরবানু বলেন, ‘আমরা হইলাম ডেইলি লেবার। কাজ নাই, তাই ভাতও নাই।’ সওদাগর রাইস মিলের শ্রমিক সোমা বেগম বলেন, ‘হরতালে আমরাও মরছি। মালিকও মরছে।’ হরতাল বন্ধ না হলে এই অবস্থা থেকে বের হয়ে আসা যাবে না বলে তাঁরা মন্তব্য করেন।