গদখালীতে ফুলের ক্ষতি
টানা বর্ষণে দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদন অঞ্চল যশোরের গদখালীতে গাদা, রজনীগন্ধা ও গ্লাডিওলাস ফুলের ক্ষেতের ক্ষতি হচ্ছে। গাঁদা ফুলের ভেতরে পানি জমে পাপড়ি পচে যাচ্ছে। রজনী গন্ধা ফুলের ডাটার গোঁড়া নরম হয়ে মাটিতে নুয়ে পড়ে পচে যাচ্ছে। গ্লাডিওলাস ফুল গাছে ‘খোল পচা’ (পাতায় কালচে দাগ পড়ে পচন ধরা) রোগ দেখা দিয়েছে। এ কারণে পানির দরে ফুল বেচতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক তফিজ উদ্দীন প্রথম আলোকে বলেন, লাগাতার বর্ষণের কারণে ফুলের খেতে ছত্রাক লাগতে পারে। বৃষ্টির পরে রোদ্রজ্জ্বোল দিনে গাদা ও গ্লাডিওলাস ফুল খেতে ছত্রাকনাশক (রিডোমিন গোল্ড বা টিল্ট) পরিমিত মাত্রায় স্প্রে করলে পচন রোধ করা যাবে। এখন খেত থেকে জমে থাকা পানি বের করে দিতে হবে। গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, অতি বর্ষণে ও ঝড়ো বাতাসে কমপক্ষে ২০০ হেক্টরের রজনীগন্ধা-গ্লাডিওলাস ও এক থেকে দেড় শত হেক্টর জমির গাধা ফুলের ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজার থেকে বার শ’ কৃষক।