গদাই লস্করি চালে চলছে দ্বিতীয় ধরলা সড়ক সেতুর কাজ
লালমনিরহাটের কুলাঘাট ও কুড়িগ্রামের ফুলবাড়ির মধ্যে সড়ক পথে চলাচলের জন্য প্রস্তাবিত দ্বিতীয় ধরলা সড়ক সেতুর নির্মাণ কাজ নিয়ে চলছে ঢিমেতেতালা দশা। এটির নির্মাণ কাজ যেমন শুরু হয় নির্ধারিত সময়ের ১৯ মাস পরে, আবার চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বরের আগে তা হচ্ছে না বলে সংশ্লষ্ট সূত্রে জানা গেছে। তবে এলাকাবাসীর ধারণা, ডিসেম্বরেও শেষ হবে না কাজ।
জানা যায়, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজিত এক জনসভায় দ্বিতীয় ধরলা সড়ক সেতুর নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন। এর ১৯ মাস পর ২০১৪ সালের ৪ এপ্রিল এর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিম প্লেক্স-নাভানা জেভি লিমিটেড। চলতি বছরের ২৮ মে পর্যন্ত সেতুটির মূল কাঠামোর প্রায় ৮০ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘বরাদ্দ ছাড়াই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন’ এবং ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি ‘ভিত্তিপ্রস্তর স্থাপনের পাঁচ মাসেও শুরু হয়নি নির্মাণকাজ’ শিরোনামে এ সেতুর নির্মাণকাজ নিয়ে দুটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নানা পথ পার হয়ে ২০১৪ সালের ৪ এপ্রিল সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ২৪ জুনের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। ৯৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার শ্রেণির এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ২২৩ টাকা। সেতুটির জন্য ১৩ দশমিক ৬৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফুলবাড়ি অংশে ২ দশমিক ৯৬ একর এবং কুলাঘাট অংশে ১০ দশমিক ৬৯৬ একর জমি রয়েছে। সেতুটির সংযোগ সড়কের জন্য ফুলবাড়ি অংশে ৮৪২ মিটার এবং কুলাঘাট অংশে ২ হাজার ৩০ মিটার সড়ক নির্মাণের (বর্তমানে মাটির কাজ চলছে) কাজ চলছে।
সেতুটির নির্মাণকাজ শেষ হলে লালমনিরহাট সদর উপজেলা ও কুড়িগ্রামের ফুলবাড়ি, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী এই চার উপজেলার মানুষ যেকোনো সময় সড়কপথে রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহর রংপুরসহ দেশের যেকোনো স্থানে যাতায়াত করতে পারবে। এতে সময় ও অর্থ দুইই সাশ্রয় হবে।
কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘অনেক আন্দোলন ও প্রত্যাশার ফসল হচ্ছে এই দ্বিতীয় ধরলা সড়ক সেতু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ১৯ মাস পর কাজ শুরু হয়। আবার শুনছি, এ বছরের জুন মাসের পরিবর্তে ডিসেম্বরে নাকি কাজ শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের আশঙ্কা, আগামী ডিসেম্বরেও এই কাজ শেষ হবে না।’ তিনি বলেন, ‘এখন ধরলা নদী পার হতে খেয়াঘাটের ইজারাদারকে মাশুল দিতে হয়। আবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খেয়াঘাট বন্ধ থাকে। এ সময় রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমরা চাই যত দ্রুত সম্ভব সেতুটির নির্মাণকাজ শেষ করে আমাদের চলাচলের ভোগান্তি যেন স্থায়ীভাবে শেষ হয়।’
সেতুটির নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত এলজিইডির পরামর্শক প্রকৌশলী রনি কুমার ঘোষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা জেভির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাধন কুমার দাস বলেন, এরই মধ্যে সেতুটির মূল কাঠামোর প্রায় ৮০ ভাগের নির্মাণকাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ জুন মাস নয়, আগামী ডিসেম্বরে শেষ হবে।