গন্ডগোল করার পাঁয়তারা করছেন মা ও ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, মা ও ছেলে দেশে-বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে গন্ডগোল করার পাঁয়তারা করছেন। তাঁদের ষড়যন্ত্র বাংলার মানুষ রুখে দেবে। যারা মিথ্যার রাজনীতি করেন, রাজপথেই তাঁদের জবাব দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী গতকাল রোববার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পঁয়তাল্লিশ বছর পর তাঁদের বলতে ইচ্ছে হয়েছে প্রথম রাষ্ট্রপতি কে? সত্তরের নির্বাচনে একচেটিয়া ভোট দিয়েছে জনগণ। অথচ এখন তাঁরা মা-ছেলে বলছেন, বঙ্গবন্ধু অবৈধ রাষ্ট্রপ্রধান ছিলেন। এত দিন বললেন না কেন? কোথায় ছিলেন? নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এখন ভুল বুঝতে পারছেন। নিজেদের পায়ের নিচে মাটি নাই। তাই মাথায় চক্কর খেয়ে গেছে। এ জন্য জনগণকে যদি ভুল বোঝানো যায়, বিভ্রান্ত করা হয়। তাহলে আবার সুযোগ সৃষ্টি করে গন্ডগোল করা যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশ যখন এগিয়ে যায়, খালেদা তখন শকুনের মতো থাবা দিয়ে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ইউএস বাংলা গ্রুপের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঢালী। চিত্রনায়ক রিয়াজের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
এর আগে দুই মন্ত্রী হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।