গন্তব্য বেড়ে কুমিল্লায়, যাত্রী ও আয় কমে, প্রশ্নের মুখে ডেমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন থেকে আমদানি করা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের ১৬ সেটের মধ্যে ছয় সেটের গন্তব্য কুমিল্লা। কিন্তু যাত্রী ও আয় কম। রেলওয়ে সূত্র জানায়, এর মধ্যে চার জোড়া ট্রেনের গন্তব্য যখন ঢাকা-আখাউড়া ও চট্টগ্রাম-লাকসাম ছিল, তখন যাত্রী ছিল বেশি। এগুলোর গন্তব্য কুমিল্লা পর্যন্ত করার পর যাত্রী কমতে শুরু করে, সেই সঙ্গে আয়ও।
চীন থেকে গত বছর পর্যায়ক্রমে ২০ সেট ডেমু আমদানি করা হয়। চার সেট ডেমু এখনো চালু করা হয়নি। বাকি ১৬ সেটের মধ্যে ১৪ সেট পূর্বাঞ্চলে এবং দুই সেট পশ্চিমাঞ্চলে চলে। কুমিল্লা-চট্টগ্রাম এবং কুমিল্লা-ঢাকা রেলপথে দুই সেট করে চার সেট এবং কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুরে এক সেট করে ডেমু চলাচল করছে।
রেলমন্ত্রী মুজিবুল হক ও রেলওয়ের তৎকালীন মহাপরিচালকের বাড়ি কুমিল্লায়। রাজনৈতিক ও আঞ্চলিক বিবেচনায় এসব ট্রেনের গন্তব্য কুমিল্লা করার অভিযোগ ওঠে। একই বিবেচনায় কুমিল্লার কয়েকটি স্থানে ছয়টি আন্তনগর ও একটি মেইল ট্রেনের সাময়িক যাত্রাবিরতি (স্টপেজ) যুক্ত করা হয়েছে। এতে রেলের চলাচলের সময় দীর্ঘ হচ্ছে।
তিনটি কোচ নিয়ে এক সেট ডেমু, যার সামনে ও পেছনের কোচে ইঞ্জিন সংযুক্ত। প্রতিটি সেটের যাত্রী ধারণক্ষমতা ৩০০ জন।
রেলওয়ে সূত্র জানায়, ডেমু ট্রেনের মূল সমস্যা হচ্ছে, এতে টয়লেট নেই। এর জানালা অর্ধেকের বেশি আবৃত থাকে। ফলে বাতাস চলাচল করতে পারে না। দুটি সমস্যাই দূরের পথের চলাচলের জন্য সহায়ক নয়।
কম দূরত্বে, বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চালানোর লক্ষ্যেই ডেমু ট্রেন আমদানির প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু যাত্রী চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে এই পথে ইচ্ছা করেই ডেমু কম চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। কুমিল্লা ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত এবং এই অঞ্চলের প্রায় সব ট্রেন কুমিল্লার ওপর দিয়ে যায়।
রেলের হিসাবে দেখা যায়, কুমিল্লা-চাঁদপুর ও কুমিল্লা-নোয়াখালী রেলপথে ডেমু ট্রেনে যাত্রী মোটামুটি পাওয়া যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম-লাকসাম রেলপথে যাত্রী পরিবহন শুরু হয় গত বছরের ২৫ মে থেকে। শুরুতেই ট্রেনটি স্থানীয় যাত্রীদের কাছে মোটামুটি জনপ্রিয় ছিল। ট্রেনটির গন্তব্য কুমিল্লা পর্যন্ত সম্প্রসারিত করার পর যাত্রী কমা শুরু হয়। যাত্রা ও গন্তব্যে পৌঁছার সূচিতে পরিবর্তন আসায় যাত্রী কমে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন।
সূত্র জানায়, গত বছরের ৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এক মাসে চট্টগ্রাম-লাকসাম রেলপথে ডেমু ট্রেনে ভ্রমণ করেছে ২৫ হাজার ১৩১ যাত্রী। এতে আয় হয়েছে নয় লাখ ২৩ হাজার ৮২০ টাকা। কিন্তু গত ৬ আগস্ট থেকে ট্রেনটির গন্তব্য কুমিল্লা স্টেশন পর্যন্ত করা হয়। এতে দূরত্ব বেড়েছে ২৫ কিলোমিটার। ৬ আগস্ট পরবর্তী এক মাসে দেখা যায়, যাত্রী কমে ২২ হাজার ৮২০ জনে নেমে আসে। আয় কমে হয়েছে আট লাখ ৬৬ হাজার ৯৮৪ টাকা।
আর চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম-কুমিল্লা পথে ডেমু মাত্র পাঁচ হাজার ২০৫ জন যাত্রী পরিবহন করে। আয় হয় মাত্র এক লাখ ৯৯ হাজার ৯০৯ টাকা। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত যাত্রী মিলেছে মাত্র ৫৯ জন।
রেল কর্মকর্তারা জানান, কুমিল্লায় রেলের ডক না থাকায় যাত্রী নামিয়ে এটি আবার লাকসামে ফিরে যায়। ভোররাতে আবার যাত্রীশূন্য অবস্থায় কুমিল্লায় যায় এবং সেখান থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। আগের হিসাবে দেখা যায়, কুমিল্লা থেকে যে সময়ে এটি যাত্রা করে, সেটি একই সময়ে লাকসাম থেকে যাত্রা করলে যাত্রী বেশি পাওয়া যেত।
কুমিল্লা-ঢাকার রেলপথে দুই সেট ডেমু চলাচল শুরু হয় গত বছরের ২০ আগস্ট থেকে। ট্রেনটি শুরুতে আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত চালানোর কথা ছিল। এটিরও যাত্রাপথ বাড়িয়ে কুমিল্লা পর্যন্ত করা হয়। আখাউড়া থেকে ঢাকার দূরত্ব ২০০ এবং কুমিল্লা থেকে ২৪৭ কিলোমিটার।
রেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আখাউড়া থেকে ঢাকা পর্যন্ত ডেমু চালালে যাত্রী ও আয় দুটোই বাড়ত। কুমিল্লা পর্যন্ত গন্তব্য করায় এই ট্রেনটিও মার খাচ্ছে। কারণ কুমিল্লা থেকে লোকাল ট্রেনের যাত্রী কম এবং দূরপাল্লার যাত্রীরা আন্তনগর ট্রেনেই যাতায়াত করে।
তবে রাজনৈতিক ও আঞ্চলিক বিবেচনার অভিযোগ উড়িয়ে দিয়ে রেলপথ মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কুমিল্লার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুর রেলপথে ডেমু চালাচ্ছি। যদি যাত্রী ও আয় কম হয়, তাহলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।’
রেলওয়ে সূত্র জানায়, গত ২০ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা-ঢাকা পথে ডেমুতে ৪৭ হাজার ৩০০ যাত্রী পরিবহন করে আয় করেছে ১৭ লাখ ৯৮ হাজার ৬৬৮ টাকা। অথচ গত জানুয়ারিতে কুমিল্লা-ঢাকায় পাঁচ হাজার ১৭৬ জন যাত্রী পরিবহন করে, যার মধ্যে কুমিল্লা-আখাউড়া পথের যাত্রী ৭৪৬ জন। জানুয়ারিতে মোট আয় এক লাখ ৮৪ হাজার আট টাকার মধ্যে কুমিল্লা-আখাউড়া পথে আয় মাত্র ২২ হাজার ৩০০ টাকা।
রেলওয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ডেমু চালানোর কারণে আন্তনগর ট্রেনের সূচিতেও পরিবর্তন ঘটছে। কারণ, ঢাকা-চট্টগ্রামের রেলপথ একমুখী হওয়ায় ডেমুর জন্য আন্তনগর কিংবা আন্তনগরের জন্য ডেমু কোনো এক স্টেশনে বসিয়ে রাখতে হয়। এতে কার্যত সব কটি ট্রেনের পরিচলন সময় বেড়ে গেছে। তাই কুমিল্লার পরিবর্তে আখাউড়া-ঢাকা এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথে ডেমু চালালে যাত্রীসেবার মান ও আয় দুটোই বাড়তে পারে।
গত বছরের ১৩ সেপ্টেম্বর কুমিল্লা-চাঁদপুর এবং ১৫ সেপ্টেম্বর কুমিল্লা-নোয়াখালী রেলপথে ডেমু চালু হয়। ১৩ সেপ্টেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর পথে ডেমু ৪৫ হাজার ৩৮১ যাত্রী পরিবহন করে আয় করেছে নয় লাখ ২২ হাজার ৮৬৩ টাকা।
একাইভাবে কুমিল্লা-নোয়াখালী পথে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩৬ হাজার ৪৯০ যাত্রী পরিবহন করে আয় করেছে সাত লাখ ৩৫ হাজার ২৮৬ টাকা।
সবচেয়ে বেশি আয়: ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে দুই সেট ডেমু চালু হয় গত বছরের ২৪ থেকে। বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনটি চলছে। এই রেলপথে ডেমু থেকে প্রতিদিন আয় হয় ৩৩ হাজার টাকা, যা সর্বোচ্চ।
এ ছাড়া, ঢাকা-জয়দেবপুর, ময়মনসিংহ-জয়দেবপুর, সিলেট-আখাউড়া, ঠাকুরগাঁও-পার্বতীপুর, পার্বতীপুর-রংপুর, চট্টগ্রাম-ফৌজদারহাট রেলপথে ডেমু চলাচল করছে।
সবচেয়ে কম আয়: ফৌজদারহাট-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-জানালীহাট রেলপথে চট্টগ্রামের সার্কুলার ট্রেনে গড়ে প্রতিদিন ৭৬ জনের বেশি যাত্রী পাওয়া যাচ্ছে না।
রেলওয়ে সূত্র আরও জানায়, ২৭ মে ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করে। যাত্রার পর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নয় মাসে আয় হয়েছে মাত্র তিন লাখ চার হাজার ৫৩০ টাকা। এই রেলপথে ডেমুর দৈনিক গড় আয় এক হাজার ৩০১ টাকা। প্রতিদিন গড়ে ৪০০ লিটার জ্বালানির খরচসহ প্রায় ৩১ হাজার টাকা ব্যয় হয় ডেমু চালাতে।
জানতে চাইলে রেলের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বলেন, ‘সবচেয়ে নাজুক অবস্থায় আছে চট্টগ্রাম শহরের সার্কুলার ট্রেনটি। এর আয়-ব্যয় ও যাত্রী পরিবহনের তথ্য-উপাত্ত যা দেখেছি তা হতাশাজনক। তিনি বলেন, চট্টগ্রামের ডেমু অন্য রুটে চালানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। আরও বিশ্লেষণ করে আমরা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাব।’