
প্রবেশপথের মুখে একদল পুলিশ। কালই মেলায় প্রথমবারের মতো আর্চওয়ের দেখা মিলল। এদের পেরিয়ে ভেতরে গেলে চোখে স্বস্তি জাগায় নান্দনিক সব স্থাপনা। চারদিকে বই, বই আর বই। দৃশ্যটি সোহরাওয়ার্দী উদ্যানের। হ্যাঁ, গেলবারের মতো এ বছরও অমর একুশে গ্রন্থমেলার মূল আয়োজন অর্থাৎ প্রকাশকদের উপস্থিতি এই ময়দানে। এখানেই দেশের সৃজনশীল প্রকাশকেরা তাঁদের নতুন-পুরোনো প্রকাশনা তুলে ধরেছেন পাঠকদের কাছে। কেউ কেউ মেলার অন্য অংশ অর্থাৎ বাংলা একাডেমি প্রাঙ্গণে চলে গেলেও চেনা-পরিচিত প্রতিষ্ঠানগুলোর খোঁজ নিতে ঠিকই ফিরে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। সারি বেঁধে তাঁরা প্রবেশ করেন। বই দেখে, ছবি তুলে দারুণ সময় কাটে তাঁদের। বই হাতে ফিরে যান কেউ কেউ। আতঙ্কের এ নগরে এর চেয়ে মনভরে দেওয়া দৃশ্য আর কী হতে পারে!
গতকাল ছিল অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন। প্রথম দুই দিনের চেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মেলায় গিয়ে হঠাৎ করেই গ্রন্থমেলাকে বেশ নিষ্প্রভ মনে হলো। লোকসমাগমও ছিল কম। প্রথম দিকে প্রচুর লোকসমাগম দেখে যে প্রকাশক বা বিক্রেতারা উল্লাস প্রকাশ করেছিলেন, তাঁদের মন ভার দেখা গেছে। তবে সন্ধ্যা ঘনিয়ে আসতেই আবার তাঁদের মুখে হাসি ফুটেছে। তখন মেলা ছিল বেশ জমজমাট। প্রথম দুই দিনের মতো এদিনও অনেকেই ছুটে এসেছিলেন মেলায়। মাঘের হালকা হিমেল হাওয়ায় পাঠকেরা গেছেন এক স্টল থেকে অন্য স্টলে।
মঙ্গলবার অনেকেই মেলায় এসেছিলেন পরিবার-পরিজন নিয়ে। কেউবা বই কিনেছেন, কেউ সংগ্রহ করে নিয়েছেন বুকলিস্ট। এদিনও অনেকেই বিভিন্ন প্রকাশনীতে খুঁজে ফিরেছেন প্রিয় লেখকের নতুন বই। আর বিক্রিও খুব একটা খারাপ ছিল না কাল। মেলায় প্রবেশের জন্য খুব একটা লম্বা লাইন না হলেও ভিড় ছিল বেশ। এরপর সময় যত এগিয়েছে, ভিড় ততই বেড়েছে। পুরো মেলাজুড়েই থাকবে বইপ্রেমীদের প্রাণের উচ্ছ্বাস—এমনটাই আশা করছেন প্রকাশক ও লেখকেরা। অবসর, অন্যপ্রকাশ, অনুপম, আগামী, প্রথমা, পাঞ্জেরি ও সময় প্রকাশনের প্রতিনিধিরা জানান, বিক্রি মোটামুটি। তবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান জানান, আগের দুই দিনের তুলনায় লোকসমাগম কম হলেও বিক্রি বেড়েছে। স্টল খোলার পর থেকেই ক্রেতারা আসছেন। কয়েকটি প্রকাশনা সংস্থার বিক্রেতারা অবশ্য এমন কথাও বলেছেন, এক সপ্তাহ বা ১০-১২ দিন পার হওয়ার আগে মেলা জমে না। পাঠসূত্রের নির্বাহী প্রকাশক তনুজা আকবর বলেন, ‘মেলায় বই বিক্রিকে “টার্গেট” করে আমরা পাওনাদারদের কথা দিয়েছি। এখনো সেই পরিকল্পনা অনুযায়ী বিক্রি দেখছি না।’
মোড়ক উন্মোচন ও নতুন বই: একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে জানা গেছে, গতকাল মেলার তৃতীয় দিনে নজরুল মঞ্চে পাঁচটি নতুন বইয়ের মোড়ক খোলা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল মেলার তৃতীয় দিনে ৯৩টি নতুন বই এসেছে। এর মধ্যে ২৬টি উপন্যাস, ১১টি গল্প, ৪টি প্রবন্ধ, ২৭টি কবিতা, ১টা ছড়া, ৪টা শিশুসাহিত্য, ৩টি জীবনী, ৪টি মুক্তিযুদ্ধবিষয়ক, ৪টি বিজ্ঞানবিষয়ক, ৩টি ভ্রমণকাহিনি, ২টি ইতিহাসবিষয়ক ও অভিধান, ১টি চিকিৎসাবিষয়ক, ১টি রচনাবলি এবং অন্যান্য বিষয়ের ওপর ৮টি বই প্রকাশিত হয়েছে।
প্রথমা প্রকাশন এনেছে এবিএম মূসার আমার বেলা যে যায়, মুহাম্মদ হাবিবুর রহমানের নাগরিকদের জানা ভালো, ও হরেক রঙের মানুষ, অন্যপ্রকাশ থেকে এসেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বসবাসের উপযুক্ত বাংলাদেশ চাই, শাকুর মজিদের ক্যাডেটের ডায়রি, মাওলা ব্রাদার্স এনেছে হরিশংকর জলদাসের মাকাল লতা, অনুপম থেকে এসেছে দন্ত্যস রওশনের আমরা তো ডানপিটে, বাংলাপ্রকাশ থেকে এসেছে ধ্রুব এষের জলোচ্ছ্বাসের শিশু, আগামী প্রকাশনী এনেছে তসলিমা নাসরীনের গদ্যপদ্য, গ্রন্থকানন এনেছে কামাল লোহানীর মুক্তিযুদ্ধ আমার অহংকার, বিভাষ এনেছে আহমদ রফিকের ভাল থাকার শুলুক সন্ধান, বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর কালের সাক্ষী, কমলাফুলি প্রকাশন থেকে এসেছে আহমেদ নূরের ওয়ান ইলেভেন কারারুদ্ধ দিনগুলো ইত্যাদি।
মেলামঞ্চের আয়োজন: মঙ্গলবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘ষাট বছরে বাংলা একাডেমি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শাহিদা খাতুন। ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জ্যোতিপ্রকাশ দত্ত, ভূঁইয়া ইকবাল, ড. করুণাময় গোস্বামী ও ড. সাইফুদ্দীন চৌধুরী। বুধবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে ছড়া সাহিত্য’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সুজন বড়ুয়া। রফিকুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন রফিকুর রশিদ, রাশেদ রউফ ও আলম তালুকদার।