গন্তব্যে পৌঁছামাত্র চালকের মৃত্যু
ফরিদপুর থেকে অর্ধশত যাত্রী নিয়ে গতকাল সোমবার সকাল ১০টায় দৌলতদিয়ার উদ্দেশে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ছেড়ে আসে। বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছামাত্র চালক ধলা মিয়া (৫০) অসুস্থ অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তিনি বাসটি থামিয়ে দেন। বাসের সব যাত্রী দ্রুত নেমে যায়। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।চালকের সহকারী ফরহাদ বিশ্বাস বলেন, ‘ওস্তাদ (চালক) ঘাটে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে মাথা ঘুরছে ও বুকে ব্যথা করছে বলে জানান এবং দ্রুত সড়কের পাশে বাসটি থামিয়ে দেন। যাত্রীরা লঞ্চঘাটের উদ্দেশে দ্রুত নেমে যায়। এ সময় ওস্তাদ নিজের আসন ছেড়ে বাসের পেছন যাত্রীদের আসনে বুক ধরে বসে পড়েন। দ্রুত বালতিতে করে পানি এনে মাথায় ঢালার সময় বারবার ওস্তাদকে ডাক দিলে কোনো কথা না বলে তিনি হাত-পা ছেড়ে দেন। পরে ওই পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক নজরুল ইসলামসহ অন্য পরিবহনের লোকজন এসে ওই বাসে করেই ওস্তাদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’নজরুল ইসলাম জানান, চালক ধলা মিয়া ফরিদপুর কোতোয়ালি থানার গোয়াল চামট এলাকার মৃত খমির উদ্দিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন থেকে হূদেরাগে ভুগছিলেন। বাসটি তিনি (চালক) দ্রুত ঘাটে থামিয়েছিলেন। তা না হলে যাত্রীবোঝাই বাস খাদে চলে যেতে পারত অথবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা কাউন্টারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ধলা মিয়ার লাশ তাঁর পরিবারের কাছে পাঠানো হয়েছে।