খুলনার খানজাহান আলী সেতুর অদূরে কুড়িয়া-করেরডোন এলাকায় একটি কারখানায় উন্মুক্ত পদ্ধতিতে চিংড়ির মাথা ও খোসা শুকানো হচ্ছে। এতে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে রূপসা সেতু অঞ্চল ও নদীর পশ্চিম পাড়ে পুটিমারি এলাকায়। তীব্র গন্ধে ভারী হয়ে ওঠা বাতাসে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা ও সেতুতে বেড়াতে আসা মানুষজন।
খুলনার সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেছেন, এ ধরনের গন্ধের মধ্যে দীর্ঘ সময় থাকলে শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা, মাথা ঝিমঝিমসহ নানা রোগ হতে পারে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েক বছর আগে রূপসা নদীর পূর্ব পাশে মাথাভাঙা এলাকায় চিংড়ির খোসা ও মাথা শুকানোর জন্য একটি চাতাল গড়ে উঠেছিল। পরে সেখান থেকে মাস চারেক আগে এটি সরিয়ে কুড়িয়া-করেরডোন এলাকায় নেওয়া হয়। বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে এসব মাথা ও খোসা সংগ্রহ করে এখানে আনা হয়। তারপর এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে মোড়কজাত করা হয়।
৯ মে সরেজমিনে দেখা যায়, বেশ বড়সড় পাকা সেই চাতালে চিংড়ির খোসা ও মাথা শুকাচ্ছেন শ্রমিকেরা। কেউ কেউ শুকানো মাথা ও খোসা বড় বড় বস্তায় ভরছেন। পাশেই নতুন একটা চাতাল বানানোর কাজ চলছে। চারপাশে তীব্র গন্ধে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।
ওই চাতালের চারজন মালিকের একজন মিজানুর রহমান শেখ প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো ছাড়পত্র নেই। নদীর এই দিকে তেমন কোনো জনবসতি নেই বলে আমরা করেছি। ব্যবসা চালু রাখার জন্য আপাতত এভাবে শুকানো হচ্ছে। পরিবেশের ক্ষতি করে আমরা কিছু করতে চাই না।’