গফরগাঁও পৌর নির্বাচনে বাধা নেই ফের প্রচারণা
গফরগাঁও পৌরসভা নির্বাচনের বিষয়ে হাইকোর্টের দেওয়া তিন মাসের স্থগিতাদেশ গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে এই পৌর নির্বাচনে আর কোনো বাধা নেই। তাই এই পৌরসভায় আবার শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ করার দাবিতে সম্প্রতি সদর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মাদ আলী ও মো. হেলাল উদ্দিন হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেন। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট তিন মাসের জন্য পৌর নির্বাচন স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী গতকাল হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের স্থগিতাদেশের ওপর চেম্বার বিচারপতির দেওয়া ছয় মাসের স্থগিতাদেশের খবর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে জানার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা আনন্দ প্রকাশ করেন।