গফরগাঁও পৌর সদরের বিস্তীর্ণ এলাকা বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌর সদরের চর জন্মেজয় ও চর সালটিয়া এলাকা ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের কবলে পড়েছে। গত এক সপ্তাহে পৌরসভার চর জন্মেজয়-চর সালটিয়া সড়কসহ দুটি চরের দেড় কিলোমিটার এলাকার প্রায় ৫০০ একর জমি এবং ২৫-৩০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।কয়েক দিনের টানা বর্ষণের পর ব্রহ্মপুত্র নদের পাড়ের এ এলাকায় ভাঙনের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। ভাঙনকবলিত এলাকার ভিটেমাটিহীন পরিবারগুলোর বেশির ভাগই অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা পায়নি।গত বৃহস্পতিবার সরেজমিনে নদী ভাঙনকবলিত এলাকায় দেখা যায়, পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের চর জন্মেজয় ও চর সালটিয়া এলাকা ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর পাড়ের মাটিতে বড় বড় জায়গা নিয়ে ফাটল দেখা দেওয়ার কিছুক্ষণ পর পর পাড়ের মাটি চাক ধরে ভেঙে পড়ছে। চর জন্মেজয়-চর সালটিয়া সড়কের প্রায় ৩০০ মিটার জায়গাসহ দুটি চরের প্রায় দেড় কিলোমিটার এলাকা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।চর জন্মেজয় এলাকার বাসিন্দা আবদুল খালেক জানান, টানা বর্ষণে ভাঙনের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।চর সালটিয়ার বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘নদীর ভাঙনে আমার সব শেষ। বাড়িঘর, জমি সব গেছে। এহন আত্মীয়ের বাড়ি আশ্রয় নিছি।’গফরগাঁও পৌরসভার মেয়র কায়সার আহম্মেদ বলেন, ‘নদীর ভাঙনের বিষয়টি আমি ১১ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেছি। জেলা প্রশাসক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন এবং জেলা ত্রাণ তহবিল থেকে দুস্থদের ত্রাণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’কায়সার আহম্মেদ অভিযোগ করে বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, এই এলাকায় নদী ভাঙনের মূল কারণ। ড্রেজার বন্ধ করার জন্য প্রশাসনকে বারবার বলা হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমরা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ লোকজনকে তালিকা প্রণয়ন করে জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। আশা করছি, স্বল্প সময়ের মধ্যে তাদের সহযোগিতা করতে পারব।’জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. লিয়াকত হোসেন বলেন, ‘আমরা এসব এলাকায় জরিপকাজ করছি। পানি না কমলে আমাদের আসলে কিছু করার থাকে না। পানি কমলে আমরা এসব এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নেব।’