গফরগাঁওয়ে আ.লীগ-বিএনপি- পুলিশ ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত শুক্রবার রাতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ উভয় দলের ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, রাত আটটার দিকে পৌর যুবদলের সদস্য ইমরান হোসেনকে গফরগাঁও স্টেশনে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধরের পর পুলিশে সোপর্দ করেন। এ খবর ছড়িয়ে পড়লে পৌনে নয়টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গফরগাঁও-ভালুকা সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁরা গফরগাঁও বাজারে ঢুকতে চাইলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০টি রাবার বুলেট ছোড়ে। বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রায় ২০টি গুলি ছোড়া হয়। এতে পুলিশ কনস্টেবল বিল্লাল হোসেন, রুবেল হোসেন ও শহীদ আহত হন। বিএনপির আট নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। পাথর ও ইটের আঘাতে উভয় পক্ষের আরও ২০ নেতা-কর্মী আহত হন।
গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান জানান, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার শতাধিক বিএনপির নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।