গফরগাঁওয়ে জাল ভোটের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে ৫ উপজেলায় নির্বাচন হলেও গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করেছিল স্থানীয় প্রশাসন। শেষ পর্যন্ত আশঙ্কা সত্য প্রমাণিত হলো। গতকাল শনিবার ভোট গ্রহণের সময় মারা গেছেন একজন। এ ছাড়া তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
এই উপজেলার বিভিন্ন ইউনিয়নেই ক্ষমতাসীন দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা চেয়ারম্যান পদের ব্যালট ভোটারদের কাছ থেকে নিয়ে নিজেরাই সিল মেরে বাক্সে ভরেছেন কিংবা তাঁদের সামনে ভোট দিতে হয়েছে। কোনো কোনো কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় থাকলেও বিএনপির প্রার্থীরা মাঠে যেমন ছিলেন না, অনেক কেন্দ্রে তাঁদের নির্বাচনী এজেন্টও ছিলেন না।
গতকাল গফরগাঁও সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে। দুপুরের পরে ৩ নম্বর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় শাহজাহান (৫০) নামের একজন মারা যান। পরিবার ও একটি পক্ষের অভিযোগ, অপর প্রার্থীর লোকজনের মারধরের কারণেই তিনি মারা গেছেন। তবে চিকিৎসক ও পুলিশের ভাষ্য, সংঘর্ষের সময় পড়ে গিয়ে তিনি মারা গেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজনের (নাজমুল) নাড়ি বের হয়ে গেছে। আরেকজনের ঊরুতে ও আরেকজনের পেছনে গুলি লাগে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি ও বিজিবি আনুমানিক ৫০টি গুলি ছোড়ে। ওই কেন্দ্রে গেলে কয়েকজন এলাকাবাসী জানান, ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী মোশারফ হোসেন ও আবদুল করিমের কর্মী-সমর্থকদের মধ্যে সকালে এক দফা মারামারি হয়। এ ঘটনায় এ কেন্দ্রে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। দুইটার দিকে আবারও এই দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে বাগুয়া গ্রামের শাহজাহান মারা যান।
আলামিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি দৌড়াদৌড়ির মধ্যে দেখেন শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তখন তাঁকে কোলে করে বাড়িতে নিয়ে যান। পরে তাঁকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর দাবি, মারধরের কারণেই শাহজাহান মারা গেছেন।
শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্বজনেরা আহাজারি করছেন। তাঁরা এই ঘটনার জন্য মেম্বার প্রার্থী আবদুল করিমকে দোষারোপ করেন। গতকাল বিকেলেই মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্যালটে সিল দিলেন নৌকার সমর্থকেরা: চারটি ইউনিয়নের সাতটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা ঢোকার পর আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা চেয়ারম্যান পদের ব্যালটটি নিয়ে নিজেরাই নৌকায় ভোট দিচ্ছেন। অথবা তাঁদের সামনে দাঁড়িয়ে ভোটাররা নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য হচ্ছেন। শুধু সদস্য পদের জন্য ভোটাররা গোপন বুথে গিয়ে ভোট দিচ্ছেন। সাড়ে ১০টার দিকে চরআলগী ইউনিয়নের চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা চেয়ারম্যান পদের ব্যালট পেপার ভোটারদের কাছ থেকে নিয়ে সেই ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলছেন। বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর ইউনিয়নের রসুলপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্রে একই চিত্র দেখা গেছে।
ভোট বর্জন: কারচুপির অভিযোগে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নে বিএনপির প্রার্থী ইমাম খসরু, পাইথল ইউনিয়নে মো. নুরুজ্জামান, লংগাইলে আবদুল হামিদ এবং বারবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই উপজেলার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি কেন্দ্রে অনিয়মের ঘটনায় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে। এ কারণে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করতে হয়।
অন্যদিকে ত্রিশালের কানিহারি ইউনিয়নের থাপনহালা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করলে পুলিশ ছয়টি গুলি করে। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া হালুয়াঘাট, ধোবাউড়া ও ভালুকায় ভোট গ্রহণ হয়েছে।