গফরগাঁওয়ে পুলিশের কর্মকর্তাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে গত শুক্রবার রাতে মনোয়ার হোসেন নামের পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 মনোয়ার ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই)। গত ৬ মার্চ গফরগাঁও রেলওয়ে স্টেশনে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি।

পুলিশ জানায়, গত শুক্রবার ঢাকা থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে করে মনোয়ার তাঁর কর্মস্থল ময়মনসিংহ রেলওয়ে থানায় যাচ্ছিলেন। পথে ট্রেনের প্রথম শ্রেণীর কামরার আসনে বসা নিয়ে গফরগাঁওয়ের কয়েক তরুণ যাত্রীর সঙ্গে মনোয়ারের বাগিবতণ্ডা হয়। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন তরুণ ট্রেন থেকে মনোয়ারকে নিচে নামিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ওই রাতেই গফরগাঁও থানা ও রেলওয়ে পুলিশ মনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানান, এ ঘটনায় ওই রাতেই মনোয়ার মামলা করেছেন। গফরগাঁও থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, এ ঘটনায় শহীদ, হূদয়, জনি ও নাইম নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল কারাগারে পাঠানো হয়েছে।