গফরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
ময়মনসিংহের গফরগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনে দত্তেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনকে (৪০) একদল সন্ত্রাসী গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে উপজেলার দত্তেরবাজার-পাগলা সড়কের মনদিলা ব্রিজের ওপর।থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের বাড়ি থেকে পাগলাবাজারের উদ্দেশে রওনা হন। হঠাৎ মুঠোফোনে একটি কল এলে তিনি বাড়ির কাছে মনদিলা ব্রিজের ওপর মোটরসাইকেল থামিয়ে কথা বলেন। এ সময় পেছন থেকে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করে। গুলিবিদ্ধ মোফাজ্জল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এলোপাতাড়ি তাঁকে কুপিয়ে দেহ থেকে মাথা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলটিও ভাঙচুর করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত মোফাজ্জলের ভাইপো মাহবুব অভিযোগ করে বলেন, পুলিশের ঘুষ-চাঁদাবাজির প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে পাগলা ক্যাম্পের পুলিশের সঙ্গে মোফাজ্জলের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার সঙ্গে পাগলা ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফ জড়িত রয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ জানান, মোফাজ্জল দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন যাবৎ দত্তেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোফাজ্জলের বিরুদ্ধে পুলিশের কাছে চাঁদা চাওয়াসহ ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বিগত যৌথ বাহিনীর অভিযানে মোফাজ্জল গ্রেপ্তার হয়েছিলেন।