গফরগাঁওয়ে কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মো. ছমিরুল হক ভূঁইয়াকে মারধরের প্রতিবাদে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল সোমবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু করেছেন। এর আগে গত রোববার ওই কর্মকর্তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খেন চান জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল কালো ব্যাজ ধারণ কর্মসূচি শুরু করেছেন। এ কর্মসূচি চলবে তিন দিন। তিনি জানান, মঙ্গলবার সকাল নয়টা থেকে এক ঘণ্টার কলম বিরতি ও উপজেলা পরিষদ চত্বরে মৌন মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। ইউএনও আরও বলেন, ‘আমি তাঁর নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। তাই তাঁকে ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছি।’ছমিরুল হক ভূঁইয়ার অভিযোগ, মারধরের ঘটনায় করা মামলার দ্বিতীয় আসামি ছাত্রলীগের কর্মী মো. কাউছার রোববার সকালে ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি বলেন, ‘কাউছার আমাকে ও আমার ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।’ছমিরুল হক জানান, রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি তাঁকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত রোববার তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার নিগুয়ারী গ্রামের তাইজউদ্দিন (৩৩), রিয়াজ উদ্দিন খান (৫০) ও বড়বড়াই গ্রামের আনিস আহাম্মেদ (৫০)।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবন ঘেরাও করে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে তাইজউদ্দিন হামলার সময় ছিলেন বলে শনাক্ত করেছেন মামলার বাদী।সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের জন্য ইউনিয়ন বাছাইকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে মো. ছমিরুল হক ভূঁইয়াকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি উপজেলা চেয়ারম্যান মো. ফাহিম গোলন্দাজসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।