গফরগাঁওয়ে কৃষক খুন, সঙ্গী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের লনিপুর চরে ফসল পাহারা দিতে গিয়ে রুহুল আমীন নামের এক কৃষক সোমবার রাতে খুন হয়েছেন। তাঁর সঙ্গী কৃষক শাহজাহান মিয়া এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ আমীনের লাশ উদ্ধার করে।জানা গেছে, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামের হাসমত আলীর ছেলে কৃষক রুহুল আমীন (৩৫) তাঁর চাচাতো বোনের স্বামী শাহজাহান মিয়া (৩৭) ও পার্শ্ববর্তী গাভীশিমুল গ্রামের জালাল মিয়াকে নিয়ে চর লনিপুরে গম, খিরা ও কলা চাষ করেন। প্রতিদিনের মতো রুহুল আমীন ও শাহজাহান মিয়া রাতে জমি পাহারা দিতে গত সোমবার রাত ১১টার দিকে খাওয়াদাওয়া সেরে বাড়ি থেকে বেরিয়ে যান। মঙ্গলবার সকালে রুহুল আমীনের লাশ চরের পাহারাঘরে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে শাহজাহানের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।