গফরগাঁওয়ে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপাঘাট বাজারে ক্যারম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তারেক মিয়া নামের এক যুবক নিহত এবং সিদ্দিক মিয়া নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাঘাট গ্রামের তারেক ও একই গ্রামের সিদ্দিক গত রোববার রাত সাড়ে আটটার দিকে একই পক্ষে ক্যারম খেলছিলেন। একপর্যায়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের তর্কবিতর্ক হয়। তখন খেলার প্রতিপক্ষ ধোপাঘাট গ্রামের সুজন মিয়া (২৫) ও সাদেক মিয়ার (২১) নেতৃত্বে একদল লোক তারেক ও সিদ্দিককে শাবল ও লোহার রড দিয়ে জখম করে।গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল সোমবার সকালে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পথে তারেক মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান গতকাল বিকেলে জানান, এখনো মামলা হয়নি।