গফরগাঁওয়ে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
নাম খারিজের প্রতিবেদন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় নগদ ১০ হাজার টাকাসহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ভূমি অফিসের কানুনগো গোলাম মোস্তফাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগের পরিচালক মেজর এমরানুল হক শাহ।গতকাল বুধবার সকালে গোলাম মোস্তফাকে আটকের পর দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে গফরগাঁও থানায় দুর্নীতি প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করলে পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।থানার পুলিশ, জেলা দুদক কার্যালয় ও ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আনোয়ারা বেগম, জাহানারা বেগম ও নাজমা বেগমের এক একর জমির নাম খারিজের প্রতিবেদন দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করেন কানুনগো গোলাম মোস্তফা। বিষয়টি অন্যায় মর্মে ঘুষ চাওয়ার জন্য আইনগত ব্যবস্থা নিতে আনোয়ারা বেগমের স্বামী বলদীঘাট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক দুদকের কাছে অভিযোগ জানান।