গফরগাঁওয়ে নববধূকে হত্যা ঘাতক স্বামী আটক
হালিমা আক্তার (১৪) নামের এক কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের বখাটে আল মামুন। এ নিয়ে বেশ কয়েক দফা গ্রাম্য সালিশ-দরবার হয়। গত ৪ নভেম্বর আল আমিনের সঙ্গে বিয়ে হয় হালিমার। কিন্তু এ বিয়ে মেনে নিতে পারেনি আল মামুন । হাতের মেহেদির রং শুকানোর আগেই গত সোমবার আল মামুন হাত-পা বেঁধে ও গলায় কাপড় জড়িয়ে হালিমাকে হত্যা করে। পরে বাড়ির সামনে বালুর নিচে লাশ পুঁতে রেখে শ্বশুরবাড়িতে খবর পাঠায়, হালিমা কাউকে না বলে বাড়ি থেকে চলে গেছে।গতকাল শুক্রবার দুপুরে এলাকার দু-তিনজন কিশোরী বালুর ওপর মাথার চুল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। তড়িঘড়ি করে ঘাতক স্বামী কোদাল দিয়ে চুলগুলো এ সময় ঢেকে দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ঘটনাস্থলে এসে অল্প বালু খুঁড়ে গৃহবধূর লাশ দেখতে পেয়ে ঘাতক স্বামী আল মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক আল মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের হোসেন আলীর বাড়িতে। আল মামুন হোসেন আলীর বখাটে পুত্র। লাশ উদ্ধারের পর থেকে আল মামুনের বাড়ির লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।