গফরগাঁওয়ে নৌকাডুবি নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গলাবাজার এলাকায় গতকাল শনিবার ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিন যাত্রী নিখোঁজ আছেন।
নিখোঁজ যাত্রীরা হলেন গফরগাঁওয়ের সালটিয়া গ্রামের গৃহবধূ শিউলি (৩২), নাককাটার চর এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মনিরুজ্জামান ওরফে মনির (১৪) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুন্নী (১২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুরের চরকাটিহারী গ্রাম থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ব্রহ্মপুত্র নদ পার হয়ে গফরগাঁওয়ের গলাবাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। গলাবাজারের কাছাকাছি নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও স্রোতে ভেসে যান গৃহবধূ শিউলি, স্কুলশিক্ষার্থী মনিরুজ্জামান ও মুন্নী। গতকাল বিকেল পর্যন্ত নিখোঁজ তিনজনকে উদ্ধারে ডুবুরি দল দুর্ঘটনাস্থলের কয়েক কিলোমিটার এলাকায় তৎপরতা চালায়।
দুর্ঘটনা থেকে রক্ষা পওয়া একাধিক যাত্রী বলেন, নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। গলাবাজার এলাকায় হঠাৎ বাতাস শুরু হলে যাত্রীরা নড়াচড়া করতে শুরু করে। এতে নৌকাটি ডুবে যায়।