গফরগাঁওয়ে নৌকা ডুবে ভাইবোনসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ের বলাদাইর খালে নৌকা ডুবে ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। গত রোববার এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের আসমা আক্তার (৩৪), তাঁর ভাতিজা সাকিব হাসান (১১) ও ভাতিজি সাদিয়া আক্তার (১৪)। নিহত শিশুদের বাবার নাম মোস্তাফা কামাল।

পুলিশ সূত্রে জানা যায়, আসমা আক্তারসহ ছয়জন গত রোববার উপজেলার পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামের আত্মীয় বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন। রাতে সবাই একটি ডিঙি নৌকায় শীতলক্ষ্যা নদী দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিক শীতলক্ষ্যা নদীর শাখা বলাদাইর খালে একটি ইঞ্জিনচালিত নৌকা ডিঙি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ডিঙি নৌকাটি ডুবে গেলে আসমা আক্তার, সাকিব ও সাদিয়া নিখোঁজ হয়। এ সময় বাকি যাত্রীরা সাঁতরে তীরে ওঠে। কয়েক ঘণ্টা পর স্থানীয় ব্যক্তিরা নদী থেকে আসমাসহ তিনজনের লাশ উদ্ধার করে।