গফরগাঁওয়ে নৌকাডুবি, নিখোঁজ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুজন শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নে গলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রীরা হলো, উপজেলার নাককাটার চর এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মনিরুজ্জামান (১৪), একই উপজেলার সালটিয়া গ্রামের গৃহবধূ শিউলি (৩২) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুন্নী (১২)।

এলাকাবাসী ও উপজেলার পাগলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রাম থেকে যাত্রীবাহী একটি নৌকা গফরগাঁও উপজেলার গলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। নৌকাটি গলাবাজার ঘাটের কাছে গেলে প্রচণ্ড বাতাসে তা ডুবে যায়। যাত্রীরা সাঁতার দিয়ে তীরে উঠলেও মনিরুজ্জামান, মুন্নী ও শিউলি নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে চেষ্টা চলছে।

সাঁতার দিয়ে তীরে ওঠা যাত্রীরা জানায়, নৌকার ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী বেশি ছিল। গলাবাজার এলাকায় আসার সময় হঠাৎ বাতাস শুরু হয়, এ সময় যাত্রীরা হুড়োহুড়ি করতে শুরু করে। এতে নৌকাটি ডুবে যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিনজনকে উদ্ধারে এখনো চেষ্টা চলছে।