গফরগাঁওয়ে পুড়িয়ে দেওয়া হলো নিরীহ ব্যক্তির বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে আওয়ামী লীগের দুই নেতার বিরোধে বাড়িঘর হারিয়ে সর্বস্বান্ত হলেন চর জন্মেজয় গ্রামের সিরাজ উদ্দিন। গত সোমবার গভীর রাতে উপজেলার চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল আলমের সশস্ত্র লোকজন সিরাজ উদ্দিনের পরিবারকে দেশীয় অস্ত্রের মুখে জিমিঞ্চ করে বাড়িঘর পুড়িয়ে দেয় ও মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।সিরাজ উদ্দিন ও তাঁর পরিবারের সাতজন সদস্য প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (১৮) প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে বদরুল আলমের ৫০-৬০ জন অস্ত্রধারী লোক তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে তাদের ওপর হামলা করে। ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে দুই ঘণ্টাব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ সময় তাঁদের দুটি গরু, চালের বস্তা ও মুঠোফোন নিয়ে যায় হামলাকারীরা। এলাকাবাসী ও গফরগাঁও থানা সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেনের কাছ থেকে ব্রহ্মপুত্রের চরে চার শতক জমি কিনে সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু বদরুল আলম নিজেকে ওই জমির মালিক দাবি করে আসছেন। এই নিয়ে বদরুল আলম ও মোফাজ্জলের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিসের পরও বিয়ষটির মীমাংসা হয়নি। সিরাজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন জমিটির ওপর ১৪৪ ধারা জারি করে।অমানবিক এই ঘটনার মূল অভিযুক্ত বদরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, সিরাজ উদ্দিন মামলা করার সঙ্গে সঙ্গে ঘটনা তদন্তের জন্য গফরগাঁও থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাককে ঘটনাস্থলে পাঠানো হয়।