গফরগাঁওয়ে পৌর কাউন্সিলর গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিনকে (৫০) গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফাহিম গোলন্দাজ ও পৌরসভার মেয়র যুবলীগের নেতা কায়সার আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন ও কার্যালয় এবং মেয়রের দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত বুধবার দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়। এ মামলার আসামি হেলাল উদ্দিনকে গতকাল দুপুর ১২টার দিকে পৌর শহরের জামতলা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজি বলেন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিনকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।