ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলামের মা রাবেয়া খাতুনকে (৬৫) হত্যার অভিযোগে করা মামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুল হককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার বোরহানউদ্দিনে বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে।
এদিকে ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে গতকাল শুক্রবার আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন বোয়ালমারী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মোজাফফর হোসেন মিয়া। লালমনিরহাটে খাদ্য প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ভোট চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এসেছেন এমন অভিযোগ তুলে সাংসদ মোহাম্মদ নোমানকে ধাওয়া করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: মা বারেয়া খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে বৃহস্পতিবার রাতে গফরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়র্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুলসহ ১৯ জন এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আনিসুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনিসুলের ভাতিজা ইকবাল ও ভাগনে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। আজিজুল ও আনিসুল দুজনেই ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সকালে আনিসুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন (ভোলা): বোরহানউদ্দিনে বিএনপির মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা, রড, ধামা ও বগিদা হাতে বাড়ির উঠানে এসে তাঁকে বাইরে আসতে বলে। বের না হলে তারা দরজায় লাথি মারে। একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে তিনি, তাঁর স্ত্রী আয়েশা সিদ্দীকা (৪০) ও মেয়ে নুশরাত জাহান আহত হন। তাঁর অভিযোগ, বর্তমান মেয়র ও এবারও প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
তবে রফিকুল ইসলাম এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘আমি বা আমার দলের কেউ বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা করেনি। আমার ধারণা, ওই হামলা তাঁদের পারিবারিক বিরোধের জের।’
ফরিদপুর: বোয়ালমারী পৌরসভা নির্বাচনে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে গতকাল আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. মোজাফফর হোসেন মিয়া। অভিযোগে তিনি বলেন, ‘নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সাংসদ প্রতিদিন এলাকায় আসেন। তিনি দিনে ও রাতে বিভিন্ন ব্যক্তির বাড়িতে যাতায়াত করে নৌকা প্রতীকে ভোট চাইছেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সাংসদ সোতাশী মহলার নির্বাচনী ক্যাম্পে এসে আমার কর্মীদের বলেন, “কাল থেকে এখানে নৌকার অফিস বানাতে হবে”। এ ছাড়া সাংসদ মুঠোফোনে তাঁর অনেক কর্মীকে হুমকি দিচ্ছেন।’
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাংসদ আবদুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে আমাকে টার্গেট করেছে। আমি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি, করলে পৌরসভার ভেতরে সভা-সমাবেশ করতে পারতাম। কিন্তু আমি তা করিনি।’
মোজাফফর হোসেন বোয়ালমারী পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সাংসদ মোহাম্মদ নোমান দুপুরে সাত-আটটি মোটরসাইকেল ও তিনটি গাড়ি নিয়ে আলেকজান্ডার বাজারে যান। তিনি আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ের পাশে রামগতি পৌরসভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী আজাদ উদ্দিনের নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলেন, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া করেন।
সাংসদ মোহাম্মদ নোমান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নয়, আমি রামগতিতে এক আত্মীয়কে দেখতে যাই। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আমাকে বাধা দিলে আমি রামগতি থানায় গিয়ে আশ্রয় নেই। পরিস্থিতি শান্ত হলে লক্ষ্মীপুর ফিরে আসি।’
লালমনিরহাট: প্রত্যক্ষদর্শীরা বলেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা রাইস মিল মালিক সমিতি যৌথভাবে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট শহরের পুরান বাজারে চেম্বার ভবনে খাদ্য প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহমেদকে সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে তিনি, জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাংসদ সফুরা বেগমের উপস্থিতিতে নৌকা প্রতীকে ভোট চান লালমনিরহাট পৌরসভার বর্তমান মেয়র ও প্রার্থী রিয়াজুল ইসলাম।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
নাটোর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সরকারি গাড়ি ও প্রটোকল নিয়ে বৃহস্পতিবার রাত আটটায় গোপালপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজার কেশবপুরের বাসায় যান। তিনি সেখানে ৪০ মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে রোকসানা মোর্ত্তজা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী টয়লেট ব্যবহারের জন্য আকস্মিকভাবে তাঁর বাসায় এসেছিলেন। প্রতিমন্ত্রী যখন এসেছিলেন তখন তিনি ও তাঁর স্বামী নির্বাচনী কাজে বাইরে ছিলেন। তাই আচরণবিধি ভঙ্গ হয়নি।
এদিকে প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করা ও সাংসদকে নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় গতকাল সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর ছোট ভাইকে ৩০ হাজার টাকা এবং গোপালপুর পৌরসভার প্রার্থী রোকসানা মোর্ত্তজাকে ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার নাসরিন বানুর ভ্রাম্যমাণ আদালত।
গুরুদাসপুর (নাটোর): গুরুদাসপুরে আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইকে প্রচারণা চালানোর অভিযোগে সরকারদলীয় মেয়র প্রার্থী শাহনেওয়াজ আলীর মাইক জব্দ করা হয়েছে। পরে মুচলেকা দিয়ে তিনি মাইক ছাড়িয়ে নেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মাইকে অপপ্রচার চালানোর সময় বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কর্মী সাফায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম সোনিয়া হাসান।
চাঁদপুর: আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল দুপুরে কচুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রধানের ছোট ভাই শাহজাহান প্রধানকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। কচুয়া থানার ওসি (তদন্ত) মো. শামসুল হক বলেন, শাহজাহান প্রধান নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে মিছিল বের করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত শাহজাহান প্রধানকে জরিমানা করেন। পরে মেয়র প্রার্থী টাকা পরিশোধ করে ভাইকে নিয়ে যান।
সখীপুর (টাঙ্গাইল): সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন মোটরসাইকেল বহর নিয়ে প্রচারণায় বের হন। ভ্রাম্যমাণ আদালত ওই প্রার্থীকে সতর্ক ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের জন্য ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হাসানুজ্জামান সিকদার ও মো. গোলাম মোস্তফকে বৃহস্পতিবার জমিরানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় বাধা ও তাঁর সমর্থকদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সশস্ত্র সমর্থকদের বিরুদ্ধে গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির প্রার্থী এ কে এম ইরাদত।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল তিনটার দিকে পৌরসভার হরগঙ্গা কলেজ এলাকায় মাইকে ধানের শীষের প্রচার চালানোর সময় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ফয়সালের একদল সমর্থক মাইক ভাঙচুর করেন ও প্রচারকাজ বন্ধ করে দেন। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ফয়সালের একদল সমর্থক পৌরসভার দেওভোগ গ্রামের জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল আজিমের বাড়ি গিয়ে তাঁকে অপহরণের চেষ্টা করেন। একই রাত নয়টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মা-বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে জানতে ফয়সালের মুঠোফোনে রিং দিয়ে বন্ধ পাওয়া যায়। তবে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বলেন, নির্বাচনে সুবিধা নিতে বিএনপির প্রার্থী এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, তাঁরা বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনিছুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শহিদুল্লাহ শহিদকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মেয়র প্রার্থী আনিছুর বলেন, ‘নেতা-কর্মী ও সমর্থকেরা মোটরসাইকেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, গণসংযোগ করতে নয়। এতে আমার দোষ কোথায়?’
মেয়র প্রার্থী শহিদুল্লাহ বলেন, ‘গতকাল বিকেলে কেওয়া বাজার এলাকায় আমি গণসংযোগ করেছিলাম। এ সময় আমার কিছু সমর্থক সেখানে চলে আসেন। তবে কোনো শোডাউন করিনি।’
[তথ্য দিয়ে সহায়তা করেছেন ময়মনসিংহ, ফরিদপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর, চাঁদপুর, চুয়াডাঙ্গা, নাটোর, বোরহানউদ্দিন (ভোলা), নাটোর, গুরুদাসপুর, কলাপাড়া (পটুয়াখালী) ও সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]