গফরগাঁওয়ে বধ্যভূমির জমি দখলের চেষ্টা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লঞ্চঘাটা বধ্যভূমির জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বধ্যভূমির পেছনের জমির মালিক তাঁর জমি বিক্রি করার পর ক্রেতাকে কৌশলে বধ্যভূমির জমির কিছু অংশ বুঝিয়ে দেন। এরপর জমির ক্রেতা বধ্যভূমির জমির ওপর প্রাচীর নির্মাণ শুরু করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৬ সালে ১৭ মার্চ স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা লঞ্চঘাটা বধ্যভূমির সন্ধান পান। ২০১১ সালে জেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন প্রায় তিন হাজার শহীদের সঞ্চৃতি বিজড়িত এই বধ্যভূমির ওপর সঞ্চৃতিস্তম্ভ নির্মাণ করে।এলাকাবাসী জানান, কিছুদিন আগে রইছ উদ্দিন নামের এক ভূমি ব্যবসায়ী বশির মিয়ার কাছ থেকে বধ্যভূমির পেছনের কিছু জমি কেনেন। পরে রইছ ওই জমি হুমায়ুন কবিরের কাছে বিক্রি করেন। হুমায়ুনের কাছে জমি হস্তান্তরের সময় রইছ কৌশলে বধ্যভূমির জমির কিছু অংশ ক্রেতাকে বুঝিয়ে দেন। এরপর হুমায়ুন তাঁর জমির ওপর প্রাচীর নির্মাণ শুরু করলে বিষয়টি এলাকাবাসীর কাছে ধরা পড়ে। বধ্যভূমির জায়গা বেদখল হয়ে যেতে দেখে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।এলাকাবাসী আরও জানান, স্বাধীনতাযুদ্ধের সময় প্রায় তিন হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে ওই বধ্যভূমিতে গুলি করে হত্যা করে রাজাকার ও শান্তি কমিটির লোকজন। কাজেই প্রশাসনের কাছে তাঁদের একটাই চাওয়া, কোনোভাবেই যেন এই জায়গা দখল না হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপকমান্ডার ও মশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও গফরগাঁও মুক্ত দিবসে আমরা এখানে কর্মসূচি পালন করি। বধ্যভূমির জমি দখল হয়ে যাওয়টা দুঃখজনক। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।’ হুমায়ুন কবির জানান, জমিটি কেনার পর তাঁকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই সীমা মেনেই তিনি প্রাচীর নির্মাণ করছেন। এ ব্যাপারে কথা বলতে রইছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।ইউএনও জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পরপর সেখানে উপজেলা সার্ভেয়ার ও পুলিশ পাঠানো হয়েছে। আজ রোববার তারা তদন্ত প্রতিবেদন জমা দিলে তা জেলা পরিষদকে জানানো হবে। যদি কেউ বধ্যভূমির জমি দখলের অপচেষ্টা করে তাহলে প্রশাসন অবশ্যই প্রতিহত করবে।