গফরগাঁওয়ে বিএনপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার চারদলীয় জোটের মহাসমাবেশে যোগ দিতে গফরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ বাধা দিয়েছেন।গফরগাঁও থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ফজলুর রহমান সুলতান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গতকাল ভোরবেলা থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয়ভীতি দেখিয়ে গফরগাঁও উপজেলার সব সড়কে ম্যাক্সি, পিকআপ, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন-করিমনসহ সব যানবাহন চলাচল বন্ধ করে দেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশের নামে গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনে সশস্ত্র পাহারা বসিয়ে বিএনপির নেতা-কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেন।গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, ময়মনসিংহের মহাসমাবেশে যোগ না দিতে বিএনপির নেতা-কর্মীদের এক সপ্তাহ ধরে ভয়ভীতি দেখিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ জন্য সমাবেশে যোগ দিতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বুধবার রাতেই হোসেনপুর ও ভালুকা হয়ে ময়মনসিংহ শহরে পৌঁছান।তা ছাড়া ময়মনসিংহে সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারাও তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা থেকে নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে। তবে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির সমাবেশে যোগদানে কোনো বাধা দেওয়া হয়নি। বিএনপির “বিশৃঙ্খলা ও নৈরাজ্যের” প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত বুধবার থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করা হয়েছে।’