গফরগাঁওয়ে বিএনপি নিষ্ক্রিয় আওয়ামী লীগের প্রার্থী স্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের আশঙ্কা ও মামলার কারণে সৃষ্ট জটিলতায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপি এখনো নিষ্ক্রিয় রয়েছে। ফলে পৌরসভাটিতে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়নি। এতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী অনেকটা ফাঁকা মাঠে নির্বাচন করে বিজয়ী হবেন বলে মনে করছেন ভোটাররা।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, পৌরসভাটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী দলটির উপজেলা কমিটির সদস্য ইকবাল হোসেন। আর বিএনপির প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ আবদুল্লাহ আল মামুন।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় সূত্র জানায়, পৌর ও উপজেলা বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা মামলায় জর্জরিত। তাঁরা হয়রানির ভয়ে প্রায় দুই বছর ধরেই রাজনৈতিক কর্মসূচিতে নেই। এ অবস্থায় নির্বাচন নিয়ে দলের কোনো প্রস্তুতি ছিল না। নেতারা হয়রানির ভয়ে নির্বাচনে মনোনয়ন চাননি। পৌর বিএনপির সভাপতি ফজলুল হকসহ অনেক জ্যেষ্ঠ নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে শুরুতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাঁরা মনোনয়ন দৌড় থেকে স্বেচ্ছায় বিদায় নেন। পরে উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমানের সমর্থনে আবদুল্লাহ আল মামুন মনোনয়ন পান। মনোনয়ন পেলেও নির্বাচন নিয়ে এখন পর্যন্ত মামুনের কোনো রকম দৌড়ঝাঁপ নেই। এমনকি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশির ভাগ নেতা-কর্মীর সঙ্গে এখনো যোগাযোগ পর্যন্ত করেননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন নেতা তাঁদের সঙ্গে মামুনের যোগাযোগ না করার কথা বলেছেন।
পৌর বিএনপির সভাপতি ফজলুল হক বলেন, ‘আমি সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী ছিলাম। কিন্তু অসুস্থতার কারণে শেষ পর্যন্ত নির্বাচন করার সিদ্ধান্ত বাদ দিই। কিন্তু দলের পাশে আছি।’
বিএনপির প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করব। নিজ দলের সবার সঙ্গে যোগাযোগ না করলেও অনেকের সঙ্গেই ইতিমধ্যে যোগাযোগ করেছি।’
ভোটাররা বলেন, নির্বাচনে বিএনপির কোনো তৎপরতা নেই। আওয়ামী লীগের একক প্রার্থী ইকবাল হোসেন। কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তাই নির্বাচনের আগেই মানুষের মুখে রটে গেছে, আওয়ামী লীগের একক প্রার্থী ইকবালের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। তাই পৌরসভায় নির্বাচনের কোনো আমেজ নেই।